উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ডোমসার বাজারে
ছবি: সত্যজিৎ ঘোষ

শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদারের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ করেছেন ডোমসার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ডোমসার বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান অভিযোগ করেন, ‘২০ অক্টোবর আমার বাড়ি, দোকান ও নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়েছে। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ওই হামলা করেছেন আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদারের সমর্থকেরা। হামলায় আমার কর্মী শাহজাহান চৌকিদার, খলিল মৃধা, আবদুল হাই শেখ, আজাহার ব্যাপারী, আজাহার মাদবর, আলী হোসেন মুন্সি, সাত্তার মাদবর, আমীর হোসেন, রুবেল ফকির, আশ্রাফ আলী মাদবর, মুন্না খান ও জাহাঙ্গীর চৌকিদার আহত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান প্রকাশ্যে আমাকে ও আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। আমাকে নির্বাচনী প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না।’

গত সোমবার রাতে ডোমসারের ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খানের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। তিনি বিভিন্ন হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন অভিযোগে বলা হয়। ওই বক্তব্যের ৬ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ‘নৌকার বিপক্ষে ভোট চাওয়ার সুযোগ দেওয়া হবে না’ শিরোনামে মঙ্গলবার প্রথম আলোতে সংবাদ প্রকাশ করা হয়।

ডোমসার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর একটি অভিযোগ আমি পেয়েছি। অভিযোগটি ছিল হুমকি ও হামলাসংক্রান্ত। তাই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তা থানায় পুলিশের কাছে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মিজান মোহাম্মদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

অভিযোগের বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার বলেন, ‘আমার একটি বক্তব্য এডিট করে তাতে মিথ্যা তথ্য জুড়ে দিয়ে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। আর আমার কোনো সমর্থক কাউকে হামলা করেননি। আমিও কাউকে হুমকি দিইনি।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, এক প্রার্থীর লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তা থানায় পাঠিয়েছেন। বিষয়টির তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।