উপজেলা পরিষদের ছাদে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে তড়িঘড়ি বদলি, পরে গ্রেপ্তার
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের ভবনের ছাদে আট বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিস সহায়ক (এমএলএসএস) জাহিদুল ইসলাম (৫৬) ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় বলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগে তাঁকে তড়িঘড়ি করে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলায় বদলি করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাগুরা সদর উপজেলার আদর্শপাড়া গ্রাম থেকে গতকাল রাতে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা গতকাল রাতে অভয়নগর থানায় একটি মামলা করেন।
পুলিশ সূত্র বলছে, বুধবার ধর্ষণচেষ্টার ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করা হয়েছে। পরের দিন বৃহস্পতিবার বিকেলে জাহিদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলায় বদলি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলা পরিষদের কাছাকাছি জায়গায় শিশুটি মা–বাবার সঙ্গে থাকে। শিশুটির বাবা দিনমজুর। বুধবার বিকেলে শিশুটি উপজেলা পরিষদ চত্বরে যায়। তখন শিশুটিকে জাহিদুল ইসলাম মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে উপজেলা পরিষদের ভবনের ছাদে (এলজিইডি কার্যালয়ের ওপরে) নিয়ে যান। তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গেলে জাহিদুল পালিয়ে যান।
ঘটনাটি চাপা দিতে জাহিদুলকে বদলি করা হয়েছে কি না, তা জানতে উপজেলা নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকবার মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল বাসেত বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী তাঁকে ফোন করে বলেন, ‘জাহিদুল ইসলামের একটু সমস্যা আছে। বিষয়টি আপনাকে পরে জানাব।’ জরুরি ভিত্তিতে তিনি তাঁকে অন্য স্থানে বদলি করতে সুপারিশ করেন। সেই অনুযায়ী জাহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। কিন্তু নির্বাহী প্রকৌশলী তাঁকে সমস্যাটি কী আর পরে জানাননি।
এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী বলেন, অভয়নগর উপজেলা প্রকৌশলী বৃহস্পতিবার তাঁকে বলেছেন, ‘জাহিদুল ইসলাম অনেক দিন ধরে অভয়নগরে আছেন, তাঁকে অন্যত্র বদলি করা প্রয়োজন।’ সেভাবে তাঁকে বদলি করা হয়েছে। তবে তাঁর বদলির সঙ্গে ধর্ষণচেষ্টার কোনো সম্পর্ক নেই। তিনি অপরাধ করে থাকলে তাঁর শাস্তি হবে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন খান বলেন, বিষয়টি তিনি বৃহস্পতিবার বিকেলে জেনেছেন। এটি অনভিপ্রেত ও বিব্রতকর। এ ব্যাপারে ব্যবস্থা নিতে থানার ওসিকে বলা হয়েছে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হবে।