দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
খুরশিদ আলম ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বজনপুর এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. খুরশিদ আলম মতিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা খুরশিদ আলমের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কল ধরেননি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন চৌধুরী এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে ২৮ ডিসেম্বর ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এতে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী।
তবে খুরশিদ আলমের ছোট ভাই শিল্পপতি মাহমুদ আলম লিটন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেলগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ছোট ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচার চালানোয় খুরশিদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।