উপজেলা ভূমি কার্যালয়ের সেই সহকারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অপরাধে ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সেই সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৪ ডিসেম্বর ঢাকা জেলা প্রশাসক এক আদেশে সহকারী হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। 
মাত্র ২ শতাংশ জমির নামজারি ও জমাভাগ করে দেওয়ার কথা বলে সহকারী হাফিজুর উপজেলার বাথুলি গ্রামের মোহাম্মদ মোস্তফার কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নেন। এর পরও তাঁর নামজারি ও জমাভাগ করে না দিয়ে তিনি আরও তিন হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তাঁর দাবি অনুযায়ী আর ওই টাকা দেননি মোহাম্মদ মোস্তফা। এ কারণে নানা অজুহাতে দুই মাস ঘোরানোর পর মোস্তফার নামজারি করে দিতে অপারগতা প্রকাশ করেন হাফিজুর।
এ বিষয়ে ৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘ধামরাই ভূমি কার্যালয়, সহকারীর বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।