মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স
উপসর্গ থাকলেও ৯৮ ভাগ রোগী পরীক্ষা করাননি
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০১ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন ২৫ জন। করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জানুয়ারি থেকে গত রোববার পর্যন্ত জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০১ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন ২৫ জন। করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের, অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা প্রায় ৯৮ শতাংশ মানুষই নমুনা দেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্র জানায়, ১৭ জানুয়ারি থেকে গত রোববার পর্যন্ত ৭ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে মোট চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২ জন। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০১ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ১৭১ জনের বেশি। ওই ১ হাজার ২০১ জনের মধ্যে নমুনা দেন ২৫ জন। বাকি ১ হাজার ১৭৬ জন নমুনা দেননি। নমুনা প্রদানকারী ওই ২৫ জনের মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫২।
সূত্রটি আরও জানায়, গত রোববার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসা নিয়েছেন ২৮৬ জন। জ্বর, সর্দি-কাশি নিয়ে চিকিৎসা নিয়েছেন ১৭১ জনের বেশি। নমুনা দিয়েছেন চারজন। করোনা শনাক্ত হয়েছে তিনজনের। এ উপজেলায় গত রোববার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ৬৫৮টি। করোনা শনাক্ত হয় ১ হাজার ১০৫ জনের।
গত রবি ও গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দেখা যায়, রোগীর অনেক ভিড়। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য টোকেন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো অনেকেই। অধিকাংশের মুখেই মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, পাঁচ-ছয় দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় ভুগছেন। চিকিৎসা নিতে এসেছেন। তাঁর পরিবারের সবাই জ্বর-সর্দিতে ভুগছেন। পাশের বাসাগুলোতেও একই অবস্থা। নমুনা দেওয়ার ঝামেলায় যাবেন না। নমুনার ফল পজিটিভ আসলে নানা ঝক্কি পোহাতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিকের ভাষ্য, তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬০ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে। নমুনা পরীক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।