উপাচার্য পদের মর্যাদা পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন শিক্ষামন্ত্রী, আশা শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যের পদত‌্যাগ দা‌বিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সফর ও প্রত‌্যাশা নিয়ে সংবাদ সম্মেলন করেন। বৃহস্প‌তিবার রাতে বিশ্ববিদ‌্যালের গোলচত্বরে।
ছ‌বি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি সিলেটে আসছেন, সন্ধ্যা থেকে এমন গুঞ্জল ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) পুরো সিলেটে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাতে জানতে পারেন, শিক্ষামন্ত্রী শুক্রবার সকালেই সিলেটে আসবেন। বিকেলে ক্যাম্পাসে যাবেন শিক্ষামন্ত্রী। এ খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, উপাচার্য পদের মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষামন্ত্রী ভূমিকা রাখবেন, এমনটাই আশা করছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াছির সরকার। এ সময় তিনি বলেন, ‘উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে– এটাই আমাদের প্রধান দাবি। শিক্ষামন্ত্রীর কাছে এ দাবি জানাবো আমরা। আমাদের প্রত্যাশা, ফরিদ উদ্দিন আহমেদকে দ্রুত অপসারণ করে উপাচার্য পদের মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষামন্ত্রী ভূমিকা রাখবেন।’

এ ছাড়া শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করার দাবি শিক্ষামন্ত্রীর কাছে জানানো হবে বলেও জানান ইয়াছির সরকার। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী যৌক্তিক এসব দাবি মেনে নেবেন বলে আশা করছেন শিক্ষার্থীরা।’

শিক্ষামন্ত্রী দীপু মনির সিলেট সফর উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আজ শুক্রবার সকাল নয়টা থেকে ক্যাম্পাসের গোলচত্বরে গণজমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার সকাল আটটা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এ সময় তাঁর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর থাকার কথা রয়েছে। সকালে সিলেট সার্কিট হাউসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকেল চারটায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করা অবস্থায় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

আরও পড়ুন

প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। ২৬ জানুয়ারি সকালে অনশনস্থলে এসে লেখক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙান। তবে শিক্ষার্থীরা অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন

এর মধ্যে গতকাল সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই পদে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রথম আলোকে বলেন, আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন