উপাচার্য ফরিদ উদ্দিনের বক্তব্যে শাবির শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের এক মাস পূর্ণ হয়েছে আজ বুধবার। এরই মধ্যে ১২ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু গত সোমবার বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর মাসখানেক পর সোমবার বিশ্ববিদ্যালয় দিবসে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন ফরিদ উদ্দিন আহমেদ। ওই দিন তিনি বলেছিলেন, ‘আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। আমরা ন্যায় ও সত্যের পক্ষে থাকব। আজকে সত্য ও ন্যায় বিজয়ী হয়েছে। সত্য টিকে আছে, মিথ্যা পরাজিত হয়েছে।’

উপাচার্যের সেই বক্তব্য ‘মিথ্যাচার’ ও ‘মনগড়া’ হিসেবে আখ্যা দিয়ে আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মোহাইমিনুল বাশার ও শাহরিয়ার আবেদীন। বিবৃতিতে গত ১৬ জানুয়ারি উপাচার্যের নির্দেশে সংঘটিত পুলিশি হামলার এক মাস ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যের প্রসঙ্গে বলা হয়, ‘এক মাস আগে এই দিনে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর উপাচার্যের প্রত্যক্ষ মদদে পুলিশের বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছোড়ায় মারাত্মক আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী। এ ঘটনায় আহত এখনো চিকিৎসাধীন আমাদের বহু সহযোদ্ধা। ১৬ জানুয়ারির ওই নারকীয় ঘটনার পরপরই শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শাবিপ্রবির ইতিহাসে নজিরবিহীন এই ঘটনার মূল কুশীলব উপাচার্য ফরিদ উদ্দিন আহমদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। ১৬ জানুয়ারির এক মাস পূর্তিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা বলতে চাই, আমরা কিছুই ভুলিনি।’

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর মাসখানেক পর সোমবার বিশ্ববিদ্যালয় দিবসে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন ফরিদ উদ্দিন আহমেদ। ওই দিন তিনি বলেছিলেন, ‘সত্য ও ন্যায় বিজয়ী হয়েছে। সত্য টিকে আছে, মিথ্যা পরাজিত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের সব দাবির ব্যাপারে খুব শিগগির যথাযথ পদক্ষেপ নেওয়া হবে শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি। কিন্তু আমাদের শরীরে লাঠি, বুলেট, বোমার সব আঘাত, জখম, ঝরা রক্ত আমাদের মনে অক্ষয় শক্তির জোগান দিয়ে অঙ্গার হয়ে জ্বলছে। উপাচার্যের পতন না হলে এই অঙ্গার অপ্রতিরোধ্য দাবানলে পরিণত হবে।’

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের সব দাবির ব্যাপারেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রীর এমন সুস্পষ্ট আশ্বাসে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। কিছুদিন আগেই শিক্ষার্থীদের দ্বারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যদি ভেবে থাকেন, তিনি যা ইচ্ছা তা–ই বলতে পারবেন, তবে বিরাট ভুল করছেন। সব বাধাবিপত্তি, ভয়ডর উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রায় এক মাস অন্যায়ের বিরুদ্ধে যে অভূতপূর্ব আন্দোলন চালিয়েছেন, তার যৌক্তিকতা, ন্যায্যতা ও নৈতিক ভিত্তি কিছু ‘দালাল’ ও ‘চাটুকার’ ব্যতীত সারা দেশে সর্বজন স্বীকৃত। ফরিদ উদ্দিন আহমেদ তাঁর মিথ্যাচারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। আপনার তো পদত্যাগ করার সৎসাহসও নেই। তাই এখন অবশ্যম্ভাবী পদচ্যুতির আগে যত্রতত্র আপনার স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না।

১৬ জানুয়ারির পুলিশি হামলার এক মাস পূর্তিতে শিক্ষার্থীরা আচার্যকে (রাষ্ট্রপতি) অবিলম্বে উপাচার্যের অপসারণ নিশ্চিত করার জন্য আবেদন জানান। একই সঙ্গে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ ও ‘মনগড়া’ বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েক শ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছিল।