উপাচার্যকে অপসারণে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন জাবির আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপাচার্যের অপসারণের দাবিতে ধর্মঘট চলাকালে শিক্ষার্থীদের মিছিল। গতকাল সকালে।  প্রথম আলো
উপাচার্যের অপসারণের দাবিতে ধর্মঘট চলাকালে শিক্ষার্থীদের মিছিল। গতকাল সকালে। প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতি) কাছে উপাচার্যকে অপসারণের দাবির যৌক্তিকতা তুলে ধরে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

রায়হান রাইন বলেন, ‘আমরা আজই মহামান্য আচার্যকে ফ্যাক্সের মাধ্যমে বর্তমান উপাচার্যকে অপসারণের যৌক্তিকতা জানাব। উপাচার্যের দুর্নীতির বিষয়ে মহামান্য আচার্যকে অবহিত করব। আর দুপুরের মধ্যে আমরা বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

আজ সকাল পৌনে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরোনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নতুন প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীদের বাধার মুখে ফিরে যান তাঁরা। কর্মকর্তা-কর্মচারীরাও কার্যালয়ে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করছেন। অনুষদ ভবনগুলোর ফটকেও ধর্মঘটের ব্যানার ঝুলতে দেখো গেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। তবে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চূড়ান্ত পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্যের ‘মধ্যস্থতায়’ ছাত্রলীগের নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তসহ তিন দফা দাবিতে তাঁদের এ আন্দোলন। দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুই দফা বৈঠকেও সমঝোতা হয়নি। এরপর উপাচার্যের স্বেচ্ছা পদত্যাগের দাবিতে ১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় গতকাল বুধবার থেকে উপাচার্যকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলনকারীদের দাবি ‘অযৌক্তিক’  অভিহিত করে বলেন, তিনি পদত্যাগ করবেন না।

অন্যদিকে আন্দোলনকারীদের দুর্নীতির অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে এর বিরুদ্ধে আজ সকাল থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।