গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্যকে অবরুদ্ধ রেখেছেন মজুরিভিত্তিক কর্মচারীরা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। তাঁরা নিয়োগ স্থায়ীকরণের দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্য এ কিউ এম মাহাবুবকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাঁদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাজী রুমা বলেন, ‘আমরা অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমরা কোনো বেতন-ভাতা পাই না। পরিবার নিয়ে কষ্টে দিন যাপন করছি। আমরা দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এখানে চাকরি নিয়েছিলাম। এ ব্যাপারে বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করা হয়েছে। কিন্তু বর্তমান উপাচার্য আমাদের কথা রাখেননি। তাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক আন্দোলনকারী কর্মচারী গোলাম রসুল বলেন, ‘এর আগে আমরা দাবি আদায়ের জন্য আন্দোলন করি। তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) একটি প্রতিনিধিদল তদন্ত করে উপাচার্যকে একটা দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু উপাচার্য আমাদের বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেননি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এ কিউ এম মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বিষয়ে কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে পরবর্তী রিজেন্ট বোর্ডে বর্তমান পরিস্থিতি উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও প্রক্টর রাজিউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর কক্ষে অবরুদ্ধ করার পর প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিষয়টি সমাধানের জন্য একটি টিম পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছে, যাতে তাঁরা অবরুদ্ধ উপাচার্যকে মুক্তি দেন। এ ছাড়া বর্তমান উপাচার্য দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। ফলে গত ডিনস কমিটির সভায় বিষয়টি অ্যাজেন্ডা হিসেবে রাখা হয়।’
প্রসঙ্গত, গত বুধবার থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনির্দিষ্টকালের জন্য কলমবিরতি কর্মসূচি চলছে। সর্বশেষ সন্ধ্যা পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।