উপাচার্যের কাছে শিক্ষিকার শাশুড়ির অভিযোগ
নিজ বিভাগের শিক্ষকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষিকার বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বিভাগের ১১ শিক্ষক। ওই শিক্ষিকা বিভাগের এক শিক্ষকের নামে পাল্টা যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। তদন্তে সেই অভিযোগ টেকেনি। উল্টো কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তিনি। এবার সেই শিক্ষিকার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর শাশুড়ি।
অভিযুক্ত ওই শিক্ষিকার নাম রুখসানা পারভীন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া লিখিত অভিযোগে রুখসানা পারভীনের শাশুড়ি রোকেয়া বেগম উল্লেখ করেন, ‘আমার একমাত্র পুত্র বেলায়েত হোসেনের সঙ্গে রুখসানা পারভীনের বিয়ের পর থেকে নানাভাবে আমাকে এবং আমার পরিবারের অন্যদের চরমভাবে অপমান-অপদস্থ, অরুচিকর আচরণ এবং হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। তাদের বিবাহিত জীবনের পর থেকে রুখসানা আমাকে প্রাণনাশের হুমকিসহ ভাষায় অপ্রকাশযোগ্য গালাগালি এবং নানা ধরনের মানসিক নির্যাতন করে আসছে।’ রোকেয়া বেগম লিখিত অভিযোগের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় গালাগালির রেকর্ড সংযুক্ত করে দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লিখিত অভিযোগের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও শিক্ষক সমিতিকেও দেওয়া হয়েছে।
শিক্ষিকার ননদ দিলারা সুলতানা বলেন, ‘রুখসান কারণ ছাড়াই আমাদের ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ হুমকি-ধমকি দেয়।’
জানতে চাইলে রুখসানা পারভীন বলেন, ‘আমি অভিযোগের বিষয়ে জানি না। এটি আমাদের পারিবারিক বিষয়। এর বেশি কিছু বলতে পারব না।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এটি তাঁদের পারিবারিক বিষয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব।’