উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের হুমকি

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশ উল্টো অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর নামে মামলা করেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে
ছবি: আনিস মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সারা দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে এক দফা দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগের জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে গতকাল রাতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র মোহাইমিনুল বাশার।

সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও মেসভাড়ায় কোনো ছাড় না দেওয়াসহ একাধিক ‘অন্যায্য’ সিদ্ধান্তে অনেক দিন ধরে তাঁরা ক্ষুব্ধ ছিলেন। হলের ছাত্রীদের বিক্ষোভ শুরুর পর সেই ক্ষোভ শিক্ষার্থীদের মধ্যে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে।

যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আমাদের সন্তান। সবাইকে আমরা ঘরে ফেরার অনুরোধ করছি।
আলমগীর কবির, প্রক্টর, শাহজালাল বিশ্ববিদ্যালয়

এদিকে রোববার শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনায় উল্টো পুলিশই অজ্ঞাতনামা হিসেবে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর নামে মামলা করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও পুলিশকে হত্যার উদ্দেশে মারধরের অভিযোগ আনা হয়েছে। সোমবার রাতে জালালাবাদ থানায় মামলাটি করা হয়েছে।

মামলার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় কাউকে হয়রানি করা হবে না। তাই কারও উত্তেজনার কিছু নেই। শিক্ষার্থীদের ধরপাকড়ও করা হচ্ছে না। সে দিন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অস্ত্র-গুলি গেছে, পুলিশ সদস্যরা আহত হয়েছেন, এগুলো দেখাতেই মামলাটি করতে হয়েছে। তবে মামলায় কারও নাম যায়নি। এজাহারেও কারও নাম ও ঘটনার বর্ণনাÑকিছুই নেই।’

তবে ওই মামলার এজাহারে বলা হয়েছে, ২০০-৩০০ উচ্ছৃঙ্খল শিক্ষার্থী হঠাৎ পুলিশের ওপর চড়াও হন। কর্তব্যরত পুলিশের সরকারি আগ্নেয়াস্ত্র ধরে টানাটানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করাসহ পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়ে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১টি শটগানের গুলি এবং ২১টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন মামলাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।

এ আন্দোলনের সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ আ.লীগ নেতাদের

গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসের গোলচত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীসহ নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সেখানে যান। এ সময় তাঁরা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানান। শফিউল আলম চৌধুরী শিক্ষার্থীদের বলেন, তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশনায় ঢাকা থেকে এসেছেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে আওয়ামী লীগ ওয়াকিবহাল। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রতিনিধি পাঠিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। যেহেতু শিক্ষার্থীদের প্রথম যেসব দাবি ছিল, সেসব বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছে, তাই সবার উচিত ঘরে ফিরে যাওয়া।

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পরপরই শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান শুরু করেন। তাঁরা বলেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। আওয়ামী লীগ নেতারা গোলচত্বর থেকে বেলা দেড়টার দিকে উপাচার্যের বাসভবনে যান। এর ৫ মিনিট পর শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের দিকে যান। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করে বিক্ষোভ করেন। এর আগে বেলা ৩টার দিকে আওয়ামী লীগের নেতারা উপাচার্যের বাসভবন থেকে বেরিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, পুলিশের করা মামলায় কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি করা না হয়, সেটি তাঁরা নিশ্চিত করবেন।

বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গতকাল সন্ধ্যা ৭টায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। অবশ্য এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আমাদের সন্তান। সবাইকে আমরা ঘরে ফেরার অনুরোধ করছি।’

আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘অযৌক্তিক’ কিছু সিদ্ধান্তে আগে থেকেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিলেন। করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ২ নভেম্বর সশরীর ক্লাস শুরু হয়। এর আগে পাঁচটি হলও খুলে দেওয়া হয়েছিল। ক্যাম্পাস খোলার পর কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। পরে ছাত্রীদের তিন দফা দাবির আন্দোলনে প্রথমে ছাত্রলীগ এবং পরে পুলিশের হামলায় সেই ক্ষোভ আরও বেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রী জানান, মূলত তৃতীয় বর্ষের ছাত্রীরা হলে থাকার সুযোগ পান। এর আগে কেউ চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হলের অধীনে ভাড়ায় নেওয়া চারটি বহুতল মেসে ব্যক্তিগত খরচে থাকতে পারেন। ওই মেসে থাকতে ছাত্রীদের প্রচুর ব্যয় হয়। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এসব মেসে ছাত্রীরা থাকেননি; কিন্তু এরপরও পুরো অর্থ পরিশোধ করতে হয় ছাত্রীদের। যদিও বাকি পড়া ভাড়াসহ বিভিন্ন খরচ কিস্তিতে পরিশোধের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কিন্তু ছাত্রীদের অভিযোগ, প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ তাঁর অধীনে থাকা দুটো মেসের জমে থাকা টাকা ছাত্রীদের এককালীন জমা দেওয়ার নির্দেশনা দেন। এতে একেকজন শিক্ষার্থীকে কমবেশি ২০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এ ছাড়া সিরাজুন্নেসা হলে ইন্টারনেটের ধীরগতি, খাওয়ার পানি ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ নানা ধরনের সমস্যায় ক্ষুব্ধ ছিলেন ছাত্রীরা।

গতকাল সন্ধ্যায় সদ্য পদত্যাগ করা জাফরিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোর কাছে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কেন এমন ভুল তথ্য দিচ্ছেন, সেটা বুঝে উঠতে পারছি না।’

এ ছাড়া একাধিক সাধারণ শিক্ষার্থী জানিয়েছেন, গত ২ নভেম্বর পুনরায় বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ১৫ থেকে ২০টি টংদোকান চালুর অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের খাবারের সমস্যা হচ্ছিল। বারবার অভিযোগ করেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সমাধানে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নেয়নি। যদিও প্রশাসন বারবার শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেছে, দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাসংবলিত ফুডকোর্ট জোন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তা হয়নি।

প্রক্টর আলমগীর কবির প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত ফুটকোর্ট জোন তৈরির কাজ করা হচ্ছে।