উল্টো পথে আসা বাসের চাপায় পথচারী নিহত, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাসে আগুন ধরিয়ে দেন। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ১ ফেব্রুয়ারি বেলা তিনটা
ছবি: অজয় কুন্ডু

মাদারীপুরে উল্টো পথে আসা যাত্রীবাহী একটি বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ হাসিনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে গেলে জনরোষের শিকার হয়। নিহত ওই পথচারীর নাম ফারুক মুনশি (৩৯)। তিনি রাজৈর উপজেলার বিদ্যানন্দী এলাকার জাফর মুনশির ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রাবাহী লোকাল বাস মহাসড়কের উল্টো পথ ধরে কালকিনি উপজেলার ভুলঘাটা যাচ্ছিল। বেলা তিনটার দিকে বাসটি জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করার সময় পথচারী ফারুক মুনশিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। বাস থেকে তাড়াহুড়া করে সব যাত্রী নেমে যান। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সদর মডেল থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ফারুকের ভাই কামাল হাওলাদার বলেন, ‘ফারুক আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁর পাসপোর্ট নিতে মাদারীপুর শহরে আসেন। কাজ শেষ করে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ফারুক আর ঘরে ফিরে এলেন না। উল্টো পথে আসা একটি বাস আমার ভাইকে চাপা দিয়ে মেরে ফেলল। আমরা ফারুকের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর পর স্থানীয় কিছু ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। বাসটি উল্টো পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরই বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নুরু মোহাম্মদ শিকদার প্রথম আলোকে বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছাই। ৩০ মিনিটের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসটি ৩০ শতাংশ পুড়ে গেছে।’