উল্লাপাড়া নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থীর ভাগনে নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত ইউপি সদস্য প্রার্থীর ভাগনে নিহত হয়েছে। আজ সোমবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের নাম দেলোয়ার হোসেন (১৬)। সে উপজেলার মাছিয়াকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে। দেলোয়ার এ বছর সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
এ ঘটনায় আজ বিকেলে দেলোয়ারের মামা ও ইউপি সদস্য প্রার্থী সেলিম হোসেন বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেছেন। মামলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী হীরা সর্দারসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় স্কুলছাত্র দেলোয়ার হোসেনসহ অন্তত ১০ জন আহত হন।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন,ওই স্কুলছাত্রের লাশ সিরাজগঞ্জে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।