উল্লাপাড়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের হায়দার আলী (৬০), একই গ্রামের অটোরিকশাচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন আজ ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন। পাঁচলিয়া বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলা হবে।