উল্লাপাড়ায় বাবা ও মেয়ের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা একটার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মঞ্জুরুল হক (৩৬) ও তাঁর মেয়ে তানসিম খাতুন (৯)। মঞ্জুরুল উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক ও বিনায়েকপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঞ্জুরুল হক সম্প্রতি তাঁর চাচার কাছ থেকে কিছু জমি কেনেন। সেই জমি বুঝিয়ে না দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে তাঁর স্ত্রী পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকাল ৯টার দিকে স্ত্রী বাড়িতে ফিরে দেখেন, মেয়ের লাশ খাটের ওপরে এবং স্বামীর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। এরপর স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুপুরে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। স্থানীয় কয়েকজন বলেন, মঞ্জুরুল মানসিকভাবে অসুস্থ। তাঁর মেয়েকে হত্যার পর তিনি নিজের ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।