উৎপাদন খরচ বাড়াচ্ছে বাড়তি দামের সার

চারা রোপণের আগে টিএসপি ও এমওপি সার জমিতে ছিটাতে হয়। খুচরা বাজারে দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় চলতি বোরো রোপণ মৌসুমে বেশি দামে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার বিক্রির অভিযোগ উঠেছে। খুচরা বিক্রেতারা প্রতি কেজি সারে ৫ থেকে ১৩ টাকা বেশি নিচ্ছেন। এ বিষয়ে কৃষি অধিদপ্তরের মাঠকর্মীদের কোনো তদারকি না থাকার কথা বলছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৭টি উপজেলায় চলতি মৌসুমে ১ লাখ ২৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত শুক্রবার পর্যন্ত চাষ হয়েছে ৮১ হাজার ২০০ হেক্টর জমিতে।

সাধারণত বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বোরো রোপণের উপযুক্ত সময়। কৃষকেরা এখন জমি তৈরি ও রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ধান রোপণের আগে টিএসপি ও এমওপি সার জমিতে ছিটালে ফলন ভালো হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মাসে ২ হাজার ৪১৪ মেট্রিক টন টিএসপি, ৩ হাজার ২৮৭ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিলারদের মধ্যে ১ হাজার ৪৩৬ মেট্রিক টন টিএসপি ও ১ হাজার ৭০৫ মেট্রিক টন এমওপি সার সরবরাহ করা হয়েছে। এসব সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১১ জন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ১১৮ জন ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।

সরকার ৫০ কেজির প্রতি বস্তা টিএসপি ১ হাজার ১০০ এবং এমওপি ৭৫০ টাকা নির্ধারণ করেছে। এ হিসাবে প্রতি কেজি টিএসপি ২২ টাকা ও প্রতি কেজি এমওপি ১৫ টাকায় বিক্রির কথা। কিন্তু প্রতি কেজি টিএসপি ৩০-৩৫ টাকা এবং এমওপি ২০-২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, খুচরা বিক্রেতারা তাঁদের কাছ থেকে সারের দাম বেশি নিচ্ছেন। কিন্তু তাঁরা কোনো রসিদ দিচ্ছেন না। যিনি রসিদ চাইছেন, তাঁর কাছে সার বিক্রি করা হচ্ছে না।

সাদুল্যাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম (৫৫) বলেন, ডিলার ও খুচরা সার বিক্রেতারা তাঁদের দোকানে লোকদেখানো মূল্য তালিকা টাঙিয়ে রেখেছেন। কিন্তু সেই দামে সার বিক্রি করছেন না। তাঁরা প্রতি কেজি টিএসপি ৩০-৩৫ টাকা এবং এমওপি ২০-২৫ টাকায় বিক্রি করছেন। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।

একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৫০) বলেন, ‘মেশিনভাড়া (সেচপাম্প), কামলার দাম দিয়া আবাদ করি পোষায় না। এর ওপর বেশি দাম দিয়া সার কেনা নাগব্যার নাগচে।’

এ বিষয়ে সাদুল্যাপুর বাজারের খুচরা সার বিক্রেতা বিধু চন্দ্র ও বাবু মিয়া বলেন, ইচ্ছা করে সারের দাম বেশি নেওয়া হয় না। ডিলাররা তাঁদের কাছে বেশি দাম রাখায় তাঁরাও বেশি দামে সার বিক্রি করছেন।

তবে একই বিষয়ে সাদুল্যাপুর উপজেলায় বিসিআইসির সারের ডিলার দোলন চন্দ্র প্রামাণিক বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের সংকট তৈরি হয়েছে। এ সুযোগে কোনো কোনো ডিলার ও খুচরা বিক্রেতা বেশি দাম নিতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার বলেন, বিসিআইসি ও বিএডিসি কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ীই সারের জোগান দেয়। কিন্তু আমদানিকারকেরা গত রবি মৌসুমে টিএসপি ও এমওপি সারের সংকট তৈরি করেন, যা এখনো রয়েছে।

সাধারণত বাজারে সারের চাহিদা, জোগান ও দাম তদারক করেন বিসিআইসি ও বিএডিসির মাঠকর্মীরা। তবে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি গ্রামের কৃষক সাদ্দাম মিয়া (৫২) বলেন, দাম বেশি নেওয়া সত্ত্বেও এখনো কাউকে তদারক করতে দেখেননি।

তবে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলাল হোসেন বলেছেন নিয়মিত বাজার তদারক করা হচ্ছে। তবে সারের দাম বেশি নেওয়া হচ্ছে কি না, তার খোঁজ নেওয়া হবে।