উৎসব ভাতাসহ ৮ দাবিতে বরিশালে স্বাশিপের মানববন্ধন–সমাবেশ
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) বরিশাল জেলার নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৯৮ ভাগ শিক্ষক-কর্মচারী সীমাহীন বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকেরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পাচ্ছেন, যা শিক্ষকদের জন্য খুবই সামান্য ও অসম্মানজনক। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনা কমিটির অযাতিত হস্তক্ষেপ ও নিপীড়ন, শিক্ষার মানোন্নয়নে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে।
স্বাশিপের বরিশাল জেলা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, মহানগর শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কর্নকাঠি মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মো. নজরুল ইসলাম প্রমুখ।
ঈদের আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি তুলে বক্তারা বলেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা জাতি গঠনের অংশ। অথচ তাঁদের বেতন-ভাতার বৈষম্য গোটা শিক্ষাব্যবস্থার উন্নয়নে একটি বড় বাধা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে জীবনধারণের ক্রমবর্ধমান যে ব্যয় বাড়ছে, তাতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে।
সমাবেশে শিক্ষক নেতারা আট দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—অবিলম্বে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, উৎসব ও চিকিৎসা ভাতা দিতে বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো বাড়িভাড়া প্রদান, বদলি নীতিমালা প্রণয়ন, চাকরির মেয়াদ বাড়ানোসহ পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি সব শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত স্কুল–কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ব্যবস্থা করা।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা নগরের সদর রোড থেকে মিছিল করে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।