উৎসবমুখর পরিবেশে খুলল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
দেড় বছরের বেশি সময় পর আজ মঙ্গলবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দরজা খুলেছে। এ উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। তিনটি হলের প্রধান ফটক, বারান্দাসহ কক্ষগুলো নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত শনিবার রাতে ৮২তম সিন্ডিকেট সভায়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ দুটি ছেলেদের ও একটি মেয়েদের হল খুলে দেওয়া হয়।
আজ সকালে আনুষ্ঠানিকভাবে ছাত্রদের শহীদ মুখতার ইলাহী হলের ফিতা কেটে উদ্বোধন করেন সহ–উপাচার্য সরিফা সালোয়া। এ সময় হলের আবাসিক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ছাত্রীদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বাংলা বিভাগের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন বলেন, ‘মনে হচ্ছে যেন এক নতুন জায়গায় এসেছি। প্রিয় ক্যাম্পাস আর প্রাণের হলে আসতে পেরে আমার কী যে আনন্দ লাগছে। বন্ধুদের দেখা হচ্ছে। একে অপরকে জড়িয়ে ধরছি।’ একই অভিব্যক্তি প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস নামের আরেক ছাত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামি বলেন, ‘এটা ভাবতেই পারছি না যে এত দিন পর আবার হলে ফিরে এসেছি। সেই হলের বিছানায় আজ ঘুমাতে পারব। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠব। ইতিমধ্যে আমাদের মধ্যে একটা অন্য রকম উৎসব শুরু হয়ে গেছে।’
শহীদ মুখতার ইলাহী হলেও একইভাবে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরছেন। করছেন মিষ্টিমুখ। এ যেন অন্য রকম উৎসব। পুরোনো জায়গায় নতুন করে ফিরে আসার আনন্দ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, শনিবার রাতে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সশরীর ক্লাস পরীক্ষা চালু হবে ১১ নভেম্বর। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সহ–উপাচার্য সরিফা সালোয়া বলেন, তিনটি হল খুলে দেওয়ার আগে সব কক্ষ, বাথরুম, হলের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে বসবাসের উপযোগী করা হয়েছে। শিক্ষার্থীরা দলে দলে এসে হলে উঠছেন। সব শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ক্লাস ও পরীক্ষা চালু ছিল।