করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের সশরীর ক্লাস শুরু হয়েছে। নবীনদের উপস্থিতিতে আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। তাঁদের ক্লাস শুরু উপলক্ষে প্রতিটি বিভাগ, শ্রেণিকক্ষ নানা রঙের বেলুন দিয়ে সাজানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, নবীনবরণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও এ উপলক্ষে প্রতিটি বিভাগের ছিল নিজস্ব আয়োজন। ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ শেষে সকালেই শুরু হয় তাঁদের শিক্ষা কার্যক্রম। ২০২০-২১ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে ২২টি বিভাগের ১ হাজার ৩৯৫ নতুন শিক্ষার্থী এ বছর ভর্তি হয়েছেন। তিন দফায় ভর্তি পরীক্ষা হয়েছে গত বছরের ১৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সরব উপস্থিতি। চাঞ্চল্যে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় অঙ্গন। সেই সঙ্গে শিক্ষার্থী-কর্মচারীদের ব্যস্ততাও প্রত্যক্ষ করা যায়। অনেক দিন পর প্রাণ ফিরে পেয়েছে চারটি একাডেমিক ভবন। বাংলা বিভাগে দেখা যায়, নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের পরিচয় পর্বে শিক্ষকেরা নানা বিষয়ে আলোচনা করছেন। আলোচনা পর্বে কখনো নিস্তব্ধতা, কখনো হাসি-উচ্ছ্বাস।
কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ প্রথম আলোকে বলেছেন, করোনা মহামারির মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষার পর শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ প্রায় শতভাগ উপস্থিতি নবীন শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের প্রথম দিনের এমন অনুষ্ঠানে পুরো ক্যাম্পাসের সবুজ চত্বর যেন ফিরে পেয়েছে নতুন জীবন। প্রতিটি বিভাগেই উৎসবমুখর পরিবেশ।
কথা হয় লোকপ্রশাসন বিভাগের কয়েক নবীন শিক্ষার্থীর সঙ্গে। আনোয়ার হোসেন নামের একজন বলেন, ‘মনে রাখার মতো একটি দিন হলো প্রথম দিনের এ ক্লাস। নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো আমার।’
হিসাববিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী রোকসানা পারভিন বলেন, ‘এ এক নতুন যাত্রা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে পেরে কী যে আনন্দ লাগছে! নতুন নতুন বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, পরিচিত হচ্ছি। এ এক অন্য রকম অনুভূতি।’
উপাচার্য হাসিবুর রশীদ বলেন, ‘করোনা দুর্যোগের পরও সুষ্ঠুভাবে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সশরীর ক্লাস শুরু হলো। প্রতিটি বিভাগে শিক্ষকদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের প্রথম দিনের পরিচিতি পর্ব আমি ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেছি। এক অন্য রকম পরিবেশ। সবার মুখেই আনন্দ।’