উৎসবের দিনে তিনজনের মৃত্যুতে শোকের ছায়া
বগুড়ার শেরপুরে দুর্গাপূজা মণ্ডপের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বিলাশপুর ইউনিয়নের চুরকুটা এলাকার পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গুদু মাহাতো (৫০), পলাশ মাহাতো (৩৫) ও ক্ষিতিশ মাহাতো (৪০)। নিহত তিনজনই দুর্গাপূজা আয়োজক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরকুটা মহল্লায় পূজামণ্ডপ ও এর চারপাশে আলোকসজ্জা করার জন্য বৈদ্যুতিক তার টাঙানো হয়। কাপড় শুকানোর কাজে ব্যবহৃত একটি জিআই তার ওই বৈদ্যুতিক তারের সঙ্গে এলে সেটিও বিদ্যুতায়িত হয়। অসতর্কভাবে ওই জিআই তারের পাশ দিয়ে যাওয়ার সময় গুদু মাহাতো তারে জড়িয়ে পড়েন। এই দৃশ্য দেখে পলাশ ও ক্ষিতিশ দুজন গুদুকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, গুদু ও পলাশ ঘটনাস্থলে মারা গেছেন। এদিকে ক্ষিতিশকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। উৎসবের শুরুতেই এমন মৃত্যুর ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে পড়েছে।
চুরকুটা পূজামণ্ডপ কমিটির সভাপতি রানা মাহাতো বলেন, মহল্লার পুকুরপাড়ের পাশেই তাদের দুর্গাপূজা মণ্ডপ। আলোকসজ্জার জন্য তাঁরা পল্লী বিদ্যুৎ থেকে তার টেনে নেন। তবে এই তারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাপড় শুকানোর একটি জিআই তার সংস্পর্শে এসেছিল। এ কারণে জিআই তারটিও বিদ্যুতায়িত হয়েছিল। ওই জিআই তারের সঙ্গে জড়িয়ে এই করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান জানান, ওই ইউনিয়নের মধ্যে চুরকুটা আদিবাসীর দুর্গাপূজা মণ্ডপ সবচেয়ে বড়। স্থানীয় আদিবাসী পরিবারগুলো তাদের নিজস্ব অর্থায়নে এই পূজার আয়োজন করে থাকে। তবে পূজার ষষ্ঠীর দিনে এমন মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক।