উড়ালসড়কে হাওরাঞ্চলে দিনবদলের আশা

সুনামগঞ্জে নেওয়া সর্ববৃহৎ প্রকল্প

  • প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।

  • প্রকল্পের মূল সড়ক শুরু হবে জামালগঞ্জের সাচনা এলাকা থেকে, শেষ হবে বারহাট্টা উপজেলার গোপালপুরে।

  • মূল সড়কের দৈর্ঘ্য হবে ২৮ কিলোমিটার, যার ১০ কিলোমিটার হবে উড়ালসড়ক। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সড়ক হবে একই প্রকল্পে।

  • বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য সাতটি দোতলা টাওয়ার নির্মাণ করা হবে, এক কিলোমিটার পরপর থাকবে বাস-বে।

  • ৫৭টি সেতু ও ১১৮টি কালভার্ট নির্মিত হবে, যার মোট দৈর্ঘ্য ৫ দশমিক ৬৮৮ কিলোমিটার।

  • হাওরে প্রাণ-প্রকৃতির বিষয়টি মাথায় রেখে উন্নত বিশ্বের আদলে থাকবে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা।

  • ২০২৫ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর
ফাইল ছবি

‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ হাওরাঞ্চলের অনুন্নত যাতায়াত বোঝাতে বহুকাল ধরে প্রচলিত প্রবাদটি দ্রুতই ‘বাতিলের খাতায়’ পড়তে যাচ্ছে। সময়ের সঙ্গে আগের চেয়ে সহজ হয়েছে হাওরের মানুষের যাতায়াত। এই দিন বদলে ‘পূর্ণতা’ দিতেই সুনামগঞ্জের হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।

সুনামগঞ্জে নেওয়া এযাবৎকালের সর্ববৃহৎ এ প্রকল্প নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই। প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি বাস্তবায়িত হলে হাওর এলাকার ‘রূপ’ বদলে যাবে, ইতিবাচক পরিবর্তন আসবে এ জনপদের মানুষের জীবনমানে। এ উড়ালসড়ক আলো ছড়াবে দেশের উত্তর-পূর্ব কোণে।

দিগন্তবিস্তৃত হাওরে বর্ষায় জলরাশি ছড়িয়ে পড়ে চারদিকে। তখন জলে-ঢেউয়ে সাগরে রূপ নেওয়া হাওরে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। আবার শুকনা মৌসুমে হাওর যখন অনেকটা জলহীন হয়ে পড়ে, তখন মাইলের পর মাইল হাঁটাপথ। এ অবস্থা বোঝাতে মানুষ বলে থাকে ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জের সঙ্গে নেত্রকোনা জেলার আধুনিক যোগাযোগ স্থাপন, দুই জেলার পাঁচটি উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, হাওর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং দ্রততম সময় ও সহজে পরিবহন সুবিধা নিশ্চিত, হাওরকেন্দ্রিক পর্যটনের প্রসার এবং মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সেতু বিভাগকে সমন্বয় করতে একনেক সভায় নির্দেশনা দিয়েছেন। ২০২৫ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা। চলতি বছরে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হবে।

শ্রাবণের আকাশে ঘন কালো মেঘ। টিপটিপ বৃষ্টিও পড়ছে। এর মধ্যে নৌকায় করে হাওর পাড়ি দিচ্ছে কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছে তারা।
ফাইল ছবি

প্রকল্পে যা আছে

সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলা এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলাজুড়ে এ প্রকল্পের কাজ হবে। উড়ালসড়ক শুরু হবে জামালগঞ্জের সাচনা এলাকা থেকে। এরপর উপজেলার কাজীরগাঁও হয়ে ধর্মপাশা উপজেলার জয়শ্রী, ধর্মপাশা বাজার, ধর্মপাশার আলোকদিয়া হয়ে বারহাট্টা উপজেলার গোপালপুরে সড়কে গিয়ে যুক্ত হবে। এটিই প্রকল্পের মূল সড়ক, যার দৈর্ঘ্য হবে ২৮ কিলোমিটার।

এ ২৮ কিলোমিটারের মধ্যে উড়ালসড়ক হবে ১০ দশমিক ৮১ কিলোমিটার। এ সড়কের বাকিটুকু হবে সব মৌসুমে যাতায়াতের সড়ক। উড়ালসড়ক যাবে গ্রামের পাশ দিয়ে। সড়কের প্রস্থ হবে ৩০ মিটার, তবে এটা আরও বাড়তে পারে।

দৃষ্টিনন্দন সড়কের বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য সাতটি দোতলা টাওয়ার নির্মাণ করা হবে। একই সঙ্গে এক কিলোমিটার পরপর সড়কের পাশেই পর্যটকদের ঘুরে বেড়ানো এবং যানবাহন রাখার জন্য বিশেষ ব্যবস্থা (বাস-বে) থাকবে। যেখানে সম্ভব সড়কের দুই পাশে হিজল ও করচগাছ লাগানো হবে। হাওরে প্রাণ-প্রকৃতির বিষয়টি মাথায় রেখে উন্নত বিশ্বের আদলে থাকবে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা।

মূল সড়ক ছাড়া এ প্রকল্পের আওতায় সব মৌসুমে যাতায়াতের সুবিধাসহ উপজেলা পর্যায়ে সড়ক হবে ৯৭ দশমিক ৮৬ কিলোমিটার, ইউনিয়ন পর্যায়ে সড়ক হবে ২০ দশমিক ২৭ কিলোমিটার, উপজেলায় সড়ক (ডুবন্ত) ১৬ দশমিক ৫৩ কিলোমিটার, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সড়ক (ডুবন্ত) হবে ২২ দশমিক ৮৬ কিলোমিটার। ডুবন্ত বা সাবমার্সিবল সড়কে মানুষ ও যানবাহন চলাচল করবে শুকনা মৌসুমে। বর্ষায় এসব সড়ক থাকবে পানির নিচে। এ ছাড়া ৫৭টি সেতু ও ১১৮টি কালভার্ট নির্মিত হবে, যার মোট দৈর্ঘ্য ৫ দশমিক ৬৮৮ কিলোমিটার। এ প্রকল্পের মাধ্যমে সুরমা নদীর জামালগঞ্জ-সাচনা বাজার এলাকায় একটি সেতু নির্মিত হবে। এ উড়ালসড়ক হলে সুনামগঞ্জের মানুষ নেত্রকোনা হয়ে সাড়ে চার ঘণ্টায় ঢাকায় যেতে পারবে।

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সফরে এসেছিলেন। তখন হাওর এলাকার অনুন্নত যোগাযোগব্যবস্থার কথা তুলে ধরেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ) সাংসদ মোয়াজ্জেম হোসেন। সেদিন প্রধানমন্ত্রী হাওরে উড়ালসড়ক নির্মাণের বিষয়টি তাঁর বক্তব্যে উল্লেখ করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্প উল্লেখ করে সুনামগঞ্জের বাসিন্দা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সেদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের মঞ্চ করা হয়েছিল হাওরে ভাসমান নৌকায়। তিনি হাওরের অনুন্নত যোগাযোগব্যবস্থার বিষয়টি চিন্তা করেই তখন উড়ালসড়ক নির্মাণ করা যায় কি না, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবতে বলেছিলেন।

এরপর ২০১৪ সালের নির্বাচনের পর এম এ মান্নান প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ শুরু করেন। একইভাবে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনও এ কাজে ভূমিকা রাখেন। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি নিয়ে কাজ শুরু করে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তর-পূর্ব কোণে আলো জ্বলবে। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। প্রধানমন্ত্রী চান পুরো দেশকে আলোকিত করতে। এ কারণেই তিনি হাওর, পাহাড়, সমতল, চরাঞ্চলসহ সব এলাকার উন্নয়নে কাজ করছেন।

হাওরের জীবন
ফাইল ছবি

হাওরের প্রকৃতি ও পরিবেশ

হাওর এলাকায় এত বড় প্রকল্প বাস্তবায়নে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে কি না, এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা আছে। তবে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা। হাওরে একটি গাছও কাটা পড়বে না। স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল যাতে ব্যাহত না হয়, সেভাবেই কাজ হবে। একই সঙ্গে গাছ, মাছ, পাখির বিচরণক্ষেত্রের কোনো ক্ষতি যাতে না হয়, সেভাবেই কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পে গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) বাংলাদেশ প্রতিনিধি রাকিব হাসান বলেন, প্রাথমিকভাবে হাওরে উড়ালসড়ক প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব তিনি দেখছেন না। হাওরের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন স্থানে সাবমার্সিবল (ডুবন্ত) সড়ক নির্মাণ করা হয়েছে। এটাতে দেখা গেছে হাওর ভাগ হয়ে যায়। এ কারণে হাওর থেকে পানি নামতে বিলম্ব হয়। এতে হাওরে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েন কৃষকেরা। আবার মাছের বিচরণেও এটা একটা সমস্যা। কিন্তু উড়ালসড়ক হলে এ সমস্যা থাকবে না। এটাতে জমি কম লাগবে। স্বাভাবিক পানিপ্রবাহ কম বাধাগ্রস্ত হবে।

সুনামগঞ্জের হাওর
ফাইল ছবি

রাকিব হাসানের মতে, মানুষের যাতায়াত সুবিধার পাশাপাশি সেখানে প্রচুর লোকজন যাবে, হাওরে সম্পদের ব্যবহার বাড়বে, মানুষের আর্থসামাজিক জীবনমানে ইতিবাচক একটা পরিবর্তন আসবে। তাঁর পরামর্শ হলো, এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরিবেশ ও প্রতিবেশের যাতে কোনো ক্ষতি না হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ বলেন, হাওরে এ প্রকল্প গ্রহণের সিদ্ধান্তটি সঠিক। বরং হাওরে সব মৌসুমের উপযোগী যেসব সড়ক হয়, সেটাতে ক্ষতি হয় বেশি। উড়ালসড়কে হাওরের জলজ প্রাণী বা পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না। এর কারণ হলো এতে পানিপ্রবাহ অনেকটা স্বাভাবিক থাকবে। তবে যেকোনো প্রকল্পেই কমবেশি ভালো-মন্দ দুটি দিক থাকে। এ জন্য চিন্তা করতে হবে কোনটাতে ক্ষতি কম। উড়ালসড়কে নির্মাণে প্রথম দিকে ব্যয় বেশি থাকলেও এটার রক্ষণাবেক্ষণ খরচ কম হবে। এটা একটা ভালো দিক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, প্রকল্পের সমীক্ষা, মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর যুক্ত রয়েছে। এখন চূড়ান্ত নকশা প্রণয়ন ও পরামর্শক নিয়োগ হবে। ছোট ছোট গুচ্ছে প্রকল্পের কাজ হবে। চলতি অর্থবছরেই কাজ শুরুর পরিকল্পনা রয়েছে তাঁদের।

প্রকৌশলী মাহবুব আলম বলেন, এ প্রকল্পের কাজ হবে ৫০ থেকে ৬০ বছরের চিন্তা মাথায় রেখে। এটি বিশাল কর্মযজ্ঞ হবে। দ্রুততম সময়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানে কাজের সুবিধা হলো, হাওর অতটা গভীর নয়। অনেক খাসজমি আছে, এ কারণে জমি অধিগ্রহণেও তেমন একটা ঝামেলা হবে না। মানুষও স্বতঃস্ফূর্তভাবে জমি দেবে।

‘শেখ হাসিনা উড়ালসড়ক’

হাওর এলাকার মানুষের প্রতি শেখ হাসিনার বিশেষ দরদ ও মমতা আছে বলেই সুনামগঞ্জে এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাই এই সড়কের নাম ‘শেখ হাসিনা উড়ালসড়ক’ করার চিন্তা করছেন তাঁরা। সুনামগঞ্জে জাতির জনকের কন্যার নামে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি জানিয়ে এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। হাওর এলাকার মানুষ এত বড় প্রকল্প পেয়ে খুবই খুশি। তাঁদের উৎসাহ, উদ্দীপনা থেকেই স্থানীয় সাংসদসহ আমরা এ নামকরণের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছি। যদিও প্রধানমন্ত্রী এটা চান না। কিন্তু হাওর এলাকার মানুষের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই আমরা এ নামকরণ করতে চাই।’