ঋণ নিয়ে পরিশোধ না করায় ব্যবসায়ীর কারাদণ্ড
চট্টগ্রামে ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এক ব্যবসায়ীকে পৃথক তিনটি ধারায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই ব্যবসায়ীর নাম শহীদুল করিম চৌধুরী। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।
এই কারাদণ্ড ছাড়াও শহীদুল করিম চৌধুরীকে ২০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।।
এই রায় প্রসঙ্গে দুদকের আইনজীবী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত রায়ের আদেশে পৃথক তিনটি ধারায় আসামিকে ১০ বছর, ৩ বছর করে ৬ বছরসহ মোট ১৬ বছরের কারাদণ্ড দেন। তবে সব কটি সাজা একসঙ্গে চলবে। সেই হিসেবে তাঁকে সাজা ভোগ করতে হবে ১০ বছর। আসামি শহীদুল করিম চৌধুরী এত দিন ধার্য দিনে হাজির থাকলেও রায় ঘোষণার দিন গরহাজির ছিলেন। আসামির অনুপস্থিতিতে আদালত রায় দেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৪ সালের ২ জুলাই জনতা ব্যাংক নগরের লালদীঘি পাড় শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন চৌধুরী এন্টারপ্রাইজের মালিক শহীদুল করিম চৌধুরী। পরে এ ঋণ পরিশোধ না করায় কোতোয়ালি থানায় মামলা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।