ঋণের চিন্তায় ঘুম আসে না অমিতার
অমিতা পালের (৩৮) স্বামী যখন মারা যান, ছেলে তিতাস পালের বয়স তখন মাত্র তিন বছর। আর এর ছয় মাস পর জন্ম হয় ছোট ছেলে নিতাস পালের। এরপর সংসার চালাতে কত কিছুই না করেছেন তিনি! রাস্তায়-বাঁধে মাটি কাটার কাজ, নদীতে বালু তোলা, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ, যখন যা পেয়েছেন তা–ই করেছেন। তবুও অভাব পিছু ছাড়েনি তাঁর।
একপর্যায়ে দুর্গম হাওরের গ্রাম ছেড়ে অমিতা চলে আসেন শহরে। এখন শহরের ফুটপাতে বসে ফল বিক্রি করছেন। আগে বিক্রি করতেন সবজি। কিন্তু করোনা তাঁর ‘কোমর ভেঙে’ দিয়ে গেছে। ঋণ আছেন লাখ টাকার ওপরে। পুঁজির অভাবে ফলের ব্যবসাও এখন ঠিকমতো করতে পারছেন না। তাই অভাবের সংসারে টানাপোড়েন আরও বেড়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের ডি এস রোডের পাশে পৌর বিপণি এলাকার ফুটপাতে খোলা আকাশের নিচে অমিতা পালের ফল বিক্রির অস্থায়ী দোকান। তাঁর সঙ্গী ছোট ছেলে নিতাস পাল (১৪)। বড় ছেলে তিতাস পাল (১৭) পাশেই আরেকটি ভ্যানে করে কলা বিক্রি করে। একসময় অমিতা একাই সব করেছেন। কিন্তু একার আয়ে সংসার চলছে না দেখে এখন বড় ছেলেকে কলা বিক্রিতে লাগিয়েছেন। সাতসকালে দুই ছেলেকে নিয়ে অমিতা আসেন এখানে। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই দিন কাটে তাঁর। কখনো দুপুরে খাওয়া হয়, আবার কখনো হয় না। ঘরে ফিরতে মা-ছেলেদের রাত ১১টা বেজে যায়।
দিন কেমন যাচ্ছে, জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলেন অমিতা পাল। বলেন, ‘গরিবের আবার দিন, ভালা না ভাই। এইটারে চলা কয় না। বড়ই কষ্টে আছি। টাকা-পয়সা নাই। দুই ছেলেরে নিয়া সারা দিন খাটি। ঘরভাড়া, খানিদানির উপায়টাও অয় না। লকডাউনে ব্যবসাপাতি বন্ধ ছিল। বাঁচার লাগি ঋণ করছি লাখ টাকার ওপরে। এখন কিস্তি দিতে অয়। কিস্তি বাদে সামান্য কয়টা টাকা থাকে। কোনোরকমে খাইয়া, না খাইয়া দিন যায়। এই ঋণের চিন্তায় আরও ঘুম অয় না।’
অমিতা পাল তাঁর দুই ছেলে আর বৃদ্ধ মা সুশীলা পালকে নিয়ে থাকেন পৌর শহরের জামতলা এলাকার একটি ভাড়া ঘরে। মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হয়। এরপর আছে পুরো মাসের সংসারের খরচ।
অমিতা পাল জানান, তাঁর বাড়ি জেলার তাহিরপুর উপজেলার তেলিগাঁও গ্রামে। বাবা মারা যান ছোটবেলায়। তাই পঞ্চম শ্রেণি পাস করার পর আর স্কুলে যাওয়া হয়নি। বিয়ে হয় গ্রামেই, নির্ঝন দাসের সঙ্গে। স্বামী মারা যান ১৫ বছর আগে। একপর্যায়ে সংসারের হাল ধরতে অমিতা শ্রমিকের কাজ শুরু করেন। এলাকায় যখন যে কাজ পেয়েছেন করেছেন। কখনো কারও কাছে হাত পাতেননি। সাত বছর আগে একটি এনজিওর প্রশিক্ষণে এসেছিলেন শহরে। অমিতা শহরে এসে প্রথমে কিছু আখ নিয়ে ফুটপাতে বিক্রির জন্য বসেন। ছোট ছেলে নিতাসকে তখন তিনি সড়কের পাশের একটি পাঠাগারে বই দিয়ে বসিয়ে রাখতেন, আর ওই পাঠাগারের গেটে দাঁড়িয়ে আখ বিক্রি করতেন তিনি। কিন্তু তাতে চলছিল না। ছেলে তিতাস তখন সপ্তম শ্রেণির ছাত্র। একপর্যায়ে তাকে কিছু কলা দিয়ে ব্যবসায় লাগান। ছোট ছেলে নিতাসও সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছে। করোনার বন্ধের পর আর স্কুলে যায়নি। এখন মায়ের সঙ্গেই সারা দিন কাটে তার।
অমিতা পাল বলেন, বড় ছেলে পড়তে চেয়েছিল, অভাবের কারণে পড়াতে পারেননি। ছোট ছেলেকে পড়াতে চান, কিন্তু সে এখন আর স্কুলে যেতে রাজি নয়। তাঁর পুঁজির অভাব। কম পুঁজিতে লাভও কম। ফলে সংসার চালানো কঠিন।