ঋণের টাকা পরিশোধের হুমকি পাওয়া শ্রমিকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ঋণের টাকা পরিশোধে পাওনাদারের কাছ থেকে হুমকি পাওয়ার পর এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের নরখালপাড় এলাকায় জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আজমান মিয়া (৩২)। তিনি একই ইউনিয়নের টেঙ্গাহাটি মোহাম্মদপুর গ্রামের জমির আলীর ছেলে। পরিবারের দাবি, হত্যা করে আজমানকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে পাওনাদারদের যোগসূত্র থাকতে পারে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে আজমান নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি কাঠমিস্ত্রির কাজও করে থাকেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। একই ইউনিয়নের শোভারামপুর গ্রামের হুমায়ুন মিয়া ও আনার মিয়া যৌথভাবে আর্থিক ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এক বছর আগে আজমান তাঁদের কাছ থেকে ৫৫ হাজার টাকা ঋণ নেন। শুরুর দিকে ঋণের সুদ পরিশোধ করতে পারলেও পরে আর পারেননি। এতে পাওনাদারেরা ক্ষুব্ধ হন। সুদসহ টাকা পরিশোধ করতে চাপ দিতে শুরু করেন। পাঁচ দিন আগে হুমায়ুন মিয়া ও আনার মিয়া একসঙ্গে আজমানের বাড়িতে গিয়ে তাঁকে সুদ–আসলের টাকা পরিশোধের হুমকি দিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার কাজে যাওয়ার পর আর ফিরে আসেননি আজমান। রাতে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকাল আটটার দিকে নরখালপাড় এলাকায় জামগাছের সঙ্গে আজমানের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
আজমানের স্ত্রী আজিমা খাতুন বলেন, হুমায়ুন ও আনার এসে বলে যান, সুদ-আসলে ৮০ হাজার টাকা হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আজিমার দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পেছনে হুমায়ুন ও আনার সরাসরি জড়িত থাকতে পারেন।
লাশ শনাক্তের পর থেকে হুমায়ুন ও আনার এলাকা ছেড়ে চলে গেছেন। দুজনের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজমানের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। তবে পরিবার থেকে বলা হচ্ছে, ঋণের টাকার সূত্র ধরে আজমান খুন হয়ে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।