জয়পুরহাটে ঋণের বেড়াজালে জড়িয়ে নিঃস্ব একটি পরিবার
সুদের উপর এক লাখ টাকা নিয়ে একে একে জমিজমা সবই হারিয়েছে পরিবারটি। এখন বাড়িতেই টেকা দায় হয়ে পড়েছে তাদের জন্য।
জয়পুরহাট শহরের মাদারগঞ্জ বামনপুর মহল্লার রতন কুমার মণ্ডল ও লিপি রানী মণ্ডল দম্পতি এক প্রতিবেশীর কাছ থেকে চড়া সুদে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে ওই দম্পতি একে একে ছয়জনের কাছ থেকে আরও ঋণ নেন। ৫ বছরের মাথায় ১ লাখ টাকার ঋণ ১১ লাখ টাকায় গিয়ে ঠেকে। ঋণ ও সুদের বেড়াজাল থেকে বের হতে না পেরে প্রশাসনের স্মরণাপন্ন হয়েছেন রতন।
গত পাঁচ বছরে রতন কুমার মণ্ডল পৈতৃক আট বিঘা জমি বিক্রি করেছেন। তাঁদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই তিন শতক জমির ওপর আধপাকা বসতবাড়ি ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই। তাঁরা নিঃস্ব হলেও এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। সুদের ব্যবসায়ীরা তাঁদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতবাড়িটি এখন দখল করতে চাইছেন। এ ঘটনায় রতন কুমার মণ্ডল ১০ আগস্ট জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞা গত শনিবার প্রথম আলোকে বলেন, রতন কুমার মণ্ডল সুদের ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রতন বলেন, পেশায় তিনি দিনমজুর। ঘরে তাঁর স্ত্রী ও তিন সন্তান। বছর পাঁচেক আগে তাঁর বাবা জীতেন্দ্রনাথ মণ্ডল মারা যান। তাঁর বাবার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রতিবেশী কল্পনা রানীর কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা সুদ দেওয়ার মৌখিক শর্তে ১ লাখ টাকা নিয়েছিলেন। প্রতি মাসে সেই টাকার সুদ দিয়ে আসছিলেন। বাড়তি কোনো আয়রোজগার না থাকায় সংসার পরিচালনা ও সুদের টাকা দিতে গিয়ে ঋণের বোঝা বাড়তে থাকে। কল্পনা রানীর টাকার সুদ দিতে তিনি একে একে পলি রানী, মলিনা, সাথি, ববি ও রেখার কাছ থেকে সুদের ওপর টাকা নেন। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ লাখ টাকা। ওই টাকার সুদ দিতে গিয়ে পর্যায়ক্রমে পৈতৃক আট বিঘা জমি বিক্রি করে দেন। এখন ৩ শতক বসতবাড়ি ছাড়া কিছুই নেই তাঁর। সুদের ব্যবসায়ীরা আসল টাকার জন্য চাপ ও হুমকি দিচ্ছেন। তাঁরা বাড়িঘর দখল করতে চাইছেন বলে অভিযোগ করেন রতন।
রতনের ভাষ্য, ‘তাঁরা আমাদের মানসিক নির্যাতন করছেন। বাধ্য হয়ে ডিসি ও এসপি স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।’
রতন কুমার মণ্ডলের স্ত্রী লিপি রানী মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, ‘হামরা সুদের ট্যাকা দিতে দিতে নিঃস্ব হয়েছি। প্রতিদিনই সুদের ট্যাকার জন্যি বাড়িত অ্যাসে সুদ ব্যবসায়ীরা। হামাক ও হামার স্বামী-সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করোচে। ওরকে হাতত থ্যাকে রেহাই পাওয়া জন্যি হামরা পরিবারের সবাই আত্মহত্যা করার চিন্তা করিচুনু। লোকজন হামাকক বুঝে সেই পথত থ্যাকে সরে অ্যানিচে। সব জমিজমা বিক্রি করে ট্যাকা দিচি। একন প্রায় দিনই হামাকক খ্যায়ে না খ্যায়ে থাকা লাগে।’
মাদারগঞ্জ বামনপুর মহল্লার বাসিন্দা ও বেসরকারি সংস্থা পড়শীর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, এই মহল্লায় সুদের ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এলাকায় ১০-১২ জন এমন ব্যবসায়ী আছেন। এঁদের খপ্পরে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। রতন কুমার মণ্ডল ও লিপি রানী মণ্ডল দম্পতি সুদের ব্যবসায়ীদের নির্যাতনের শিকার হচ্ছেন। ঋণের জালে জড়িয়ে রতন পৈতৃক জমিজমা হারিয়েছেন বলে জানান ফরহাদ হোসেন।
সুদের ব্যবসায়ী কল্পনা রানী প্রথম আলোকে বলেন, ‘রতন কুমার লাখে ১০ হাজার টাকা সুদ দেওয়ার কথা বলে আমার কাছে প্রথমে এক লাখ টাকা নিয়েছিল। পরে অন্যদের কাছ থেকে আরও আড়াই লাখ টাকা এনে দিয়েছি। টাকা নেওয়ার পর থেকে আমাকে একটি টাকাও সুদ দেয়নি সে।’
তবে রতনের দাবি, তিনি এ পর্যন্ত কল্পনা রানীকে চার লাখ টাকা দিয়েছেন। তার পরও কল্পনা রানী তাঁকে আরও টাকার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছেন।
রতনের প্রতিবেশী নিপা শীল প্রথম আলোকে বলেন, ‘প্রায় দিনই রতনের পরিবারের সদস্যরা অর্ধাহারে-অনাহারে থাকেন। কয়েক দিন আগে তাঁর দুই যমজ মেয়ে দীপা ও নিপা (৯) খাবার না পেয়ে কাঁদছিল। আমি ডেকে খাবার দিয়েছি। অথচ কয়েক বছর আগে রতনের বাড়িতে লোকজন এসে খেয়েছে।’