এ কেমন শত্রুতা!
পূর্বশত্রুতার জেরে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফুলকপি ও বাঁধাকপির চারাখেত নষ্ট করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ার জাহাঙ্গীর হোসেন, আসলাম উদ্দিন ও আবুল কালাম। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় গতকাল শনিবার লিখিত অভিযোগ দিয়েছেন। একই গ্রামের সুমন মণ্ডল ও কাজল মণ্ডল ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুমন ও কাজল ওই জমিতে মজুর হিসেবে কাজ করতেন। কয়েক দিন আগে তাঁদের এই কাজ থেকে বাদ দেওয়া হয়। গতকাল সকালে গিয়ে দেখি কপিখেত নষ্ট হয়ে আছে। শত্রুতা করে তাঁরা কপির চারা উপড়ে দিয়েছেন।’
আসলাম উদ্দিন বলেন, ২৫ দিন আগে তাঁরা তিনজন পাশাপাশি জমিতে মোট ৩২টি বেডে (চারা তৈরির জন্য বিশেষভাবে তৈরি মাটির ঢিবি) ফুলকপি ও বাঁধাকপির বীজ রোপণ করেন। চারাগুলো বেশ বড় হয়ে উঠেছিল। এক সপ্তাহ পর সেগুলো তুলে জমিতে লাগানোর কথা ছিল।
আবুল কালাম দাবি করেন, চারাগুলো দিয়ে ১৯ বিঘা জমিতে কপির আবাদ করা যেত। চারা নষ্ট করে ফেলায় তাঁদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাইয়ে খেত পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’