‘এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ’
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে আজ বুধবার কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। অংশগ্রহণকারী ব্যক্তিরা অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, প্রবীণ আলোকচিত্রী শাজাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া, জ্যেষ্ঠ সাংবাদিক শাহাজাদা এমরান, খায়রুল আহসান, গোলাম কিবরিয়া, মীর শাহ আলম, আলী আকবর, সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।
আবুল হাসানাত বাবুল বলেন, রোজিনা ইসলামেকে হেনস্তার ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দেশে নারী সাংবাদিকের সংখ্যা কম, অনুসন্ধানী সাংবাদিকও কম। যে কজন আছেন, তাঁদের একজন রোজিনা ইসলাম। তাঁর ওপর জুলুম করা হচ্ছে।
মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, পেশাজীবী নানা সংগঠন, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, ফটোসাংবাদিক ফোরাম, লেখক ও সাংবাদিক সংঘ, সুজন, প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশ নেন। এ ছাড়া কুমিল্লার বরুড়া প্রেসক্লাব, মুরাদনগর, দেবীদ্বার, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, চান্দিনা, হোমনা, লালমাই ও বুড়িচং উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।