‘এ দেশের যেকোনো সমস্যায় আমরা ছিলাম, আগামীতেও থাকব’
‘ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে, তাতে সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। এ দেশের যেকোনো সমস্যায় আমরা ছিলাম, আগামীতেও থাকব।’
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রেস সচিব দেবব্রত পাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দেবব্রত পাল আরও বলেন, ‘এক সংসারে দুই ভাইয়ের মধ্যেও ভুল বোঝাবুঝি থাকে। আমাদের দুই দেশের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে বিবাদমান যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে।’
দেবব্রত পাল আশ্বাস দিয়ে বলেন, ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের জন্য তিনি সহযোগিতা করবেন। তবে তার আগে ফরিদপুরের বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনে দাবি জানাতে হবে। তিনি বলেন, ফরিদপুরের সাংবাদিকেরা যাতে ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’ পত্রিকাটি পান, তা নিশ্চিত করা হবে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিতে ওই সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান, আমিনুর রহমান, মফিজ ইমাম, পান্না বালা, সাইফুল আহাদ, বিজয় পোদ্দার, শেখ ফয়েজ আহম্মেদ, জাহিদ রিপন, রেজাউল করিম, জাকির হোসেন, সঞ্জিব দাস প্রমুখ।
ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দেবব্রত পালকে একটি নকশিকাঁথা উপহার দেওয়া হয়। অতিথিও ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বই, পত্রিকা, ডায়েরি, সিডি ও ব্যাগ উপহার দেন।