
প্রথম আলো: গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দেশে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন জঙ্গিবাদের অবস্থা কোন পর্যায়ে আছে?
মনিরুল ইসলাম: গুলশান হামলার মতো ঘটনা বাংলাদেশে নজিরবিহীন। যদিও অতীতে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ অনেকগুলো বড় হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু গুলশানের ঘটনায় বেশ কিছু বিদেশি নাগরিক মারা যাওয়ায় এবং এর সঙ্গে কোনো না কোনোভাবে আইএসের নাম জড়িয়ে যাওয়ায় এটা বিশ্বব্যাপী যেমন প্রচার পেয়েছে। মিডিয়ার কল্যাণে দেশের আনাচে-কানাচের মানুষও জেনেছে। সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে, রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। ফলে মানসিকভাবে জঙ্গিবাদীদের এক ধরনের পরাজয় ঘটেছে।
আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ সবাই একযোগে তৎপর ও সমন্বিতভাবে কাজ শুরু করে। ফলে বেশ কিছু সাফল্য আসে। জঙ্গিদের অনেক নেতা বা সংগঠক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার সময় নিহত হয়েছে, এটি তাদের জন্য একটা বড় ধাক্কা। এ মুহূর্তে তাদের লজিস্টিকস, অস্ত্র ও প্রশিক্ষিত জনবল এবং নেতৃত্বের বিরাট সংকট তৈরি হয়েছে। তাদের মনোবলের জায়গাটাও খুব দুর্বল হয়েছে। জঙ্গিদের যখন প্রথম রিক্রুট করা হয়েছিল, তখন তাদের বলা হয়েছিল যে একমাত্র সরকারের কিছু লোকজন ও রাষ্ট্রযন্ত্র ছাড়া বাকি সবাই তাদের কাজকে সমর্থন করছে। কিন্তু এখন তারা দেখছে, সাধারণ মানুষ তো পরের কথা তাদের মা-বাবাও তাদের লাশ গ্রহণ করে নাই, এটা তাদের জন্য একটা বড় মানসিক ধাক্কা। ফলে আমরা মনে করছি, এ মুহূর্তে জঙ্গিবাদ অনেকটাই দুর্বল অবস্থায় এবং নিয়ন্ত্রিত অবস্থায় আছে।
প্রথম আলো: এ মুহূর্তে আর কোনো হামলার আশঙ্কা করছেন কি?
মনিরুল ইসলাম: গুলশান হামলার পর হামলারজন্য তারা প্রস্তুতি নিয়েছিল।পুলিশের কয়েকটি সফল অভিযানের কারণে সেসব প্রস্তুতি ভণ্ডুল হয়ে গেছে। তবে তারা এখনো সক্রিয় আছে। ছোটখাট ঘটনা ঘটানোর মতো ক্যাপাসিটি এখনো যে তাদের নেই, সেটি বলব না।
কিন্তু এ মুহূর্তে আমরাও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। আমাদের স্টাডি বেড়েছে, সক্ষমতা বেড়েছে। ফলে আমরা অর্থাৎ গোয়েন্দা সংস্থাসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তৎপরতা অব্যাহত রাখি, পাশাপাশি যদি জনগণের যে সচেতনতা, সেটি অব্যাহত থাকে; তাহলে আমার মনে হয় তারা পরবর্তী হামলা করার সুযোগ পাবে না।
প্রথম আলো: আপাতত জনজীবনে যে স্বস্তি এসেছে, তা ধরে রাখতে দীর্ঘমেয়াদি কোনো কর্মপরিকল্পনা আপনাদের আছে কি?
মনিরুল ইসলাম: পয়লা জুলাইতে বাংলাদেশ যে থেমে গিয়েছিল, তা রিকভার করতে শুরু করেছে। একটা স্বস্তি জনজীবনে এসেছে। এটাকে ধরে রাখতে চাই।
এখন আমাদের যে তৎপরতা সেটা একটা তৎক্ষণিক জরুরি কার্যক্রম। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং ইতিমধ্যে যেসব মানুষ র্যাডিক্যালাইজড হয়ে গেছে, তাদের ফিরিয়ে আনার জন্য ডি-র্যাডিক্যালাইজেশন প্রোগ্রাম হাতে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে কাউন্টার নেরেটিভস, অর্থাৎ তারা পবিত্র কোরআন শরিফের কিছু সুরা, আয়াত বা কোনো কোনো হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে যাদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করেছে, তাদের এই প্রক্রিয়া থেকে বের করে আনতে হবে। তাদের কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে ভ্রান্তি থেকে ফিরিয়ে আনতে হবে।
দ্বিতীয়ত, এরা যাতে ভবিষ্যতে আবার একই মতাদর্শে উদ্ধুদ্ধ হওয়ার সুযোগ না পায়, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। যেমন পরিবারের দায়িত্ব রয়েছে-তার সন্তান-সন্ততি কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, কী পড়ছে, ইন্টারনেটে কী দেখছে-এটা দেখার। শিক্ষকদের দায়িত্ব আছে-ছাত্ররা ক্লাসের ফাঁকে কী করছে, একটা খুব মনোযোগী ছাত্র হঠাৎ করে অমনোযোগী, অনুপস্থিত বা পরীক্ষায় খারাপ করছে কি না, করলে সেটার পেছনে কী কারণ রয়েছে-তা দেখা দরকার।
মা-বাবার দায়িত্ব রয়েছে-তাঁদের সন্তানের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আসছে কি না; সন্তান হঠাৎ করে গম্ভীর হয়ে গেছে, কারও সঙ্গে মিশছে না, পুরোনো বন্ধুবান্ধব সব ত্যাগ করেছে। এসব বিষয়ের প্রতি মা-বাবাকে লক্ষ রাখতে হবে। পাশাপাশি ইনস্টিটিউশন বিল্ডিং, অর্থাৎ কাউন্টার টেরোরিজম নিয়ে যারা কাজ করবে, তাদের প্রশিক্ষিত করে তোলা ভবিষ্যতের জন্য। কারাগারের ভেতরে এই প্রক্রিয়া চালু করা যেতে পারে। আবার কিছু পুনর্বাসনকেন্দ্র গড়ে তোলা যেতে পারে।
প্রথম আলো: এই কাজগুলোর জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে সরকারকে কোনো প্রস্তাব দিয়েছেন কি?
মনিরুল ইসলাম: আমরা বারবার বলছি-টেররিজম বা জঙ্গিবাদ শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়। যেহেতু এটা একটা মতাদর্শভিত্তিক বিষয়; শুধু গ্রেপ্তার, জেল-জরিমানা কিংবা ফাঁসির মাধ্যমে এটাকে শেষ করা যাবে না। এ জন্য একটা সমন্বিত কর্মকৌশল বা ন্যাশনাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি থাকা দরকার। এটা আমরা বলে আসছি এবং বলছি, যাতে সরকারি যেসব সংস্থা আছে, তাদের কার কী ভূমিকা হবে তা ডিফাইন করা থাকে। পাশাপাশি নন গভর্নমেন্টাল যেসব অংশ থাকে অর্থাৎ বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি, ধর্মীয় আলেম-ওলামা-কার, কী ভূমিকা সেগুলোও নির্দিষ্ট করা থাকে। অবশ্য এরই মধ্যে ইসলামি ফাউন্ডেশন, তথ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
প্রথম আলো: কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে এটাকে কোন জায়গায় দেখতে চান?
মনিরুল ইসলাম: দেখুন, একটা নতুন ইউনিটকে কার্যকর করতে, এর ক্যাপাসিটি বিল্ডিং, ইনস্টিটিউশন বিল্ডিং, ইউনিট বিল্ডিংয়ের জন্য একটা সময় লাগে। সেই সময়টা আমরা পাইনি। এই ইউনিটটা সরকার গঠন করার পরপরই বা তার আগে থেকেই যেহেতু সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলছিল। ফলে শুরুর দিন থেকেই আমাদের কাজে নামতে হয়েছে। এরই মধ্যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ এবং দৈনন্দিন ও অপারেশনাল কার্যক্রম চলছে। অত্যাধুনিক সরঞ্জামসহ আনুষঙ্গিক জিনিসপত্রের ঘাটতি রয়েছে। এ অবস্থার মধ্যেও এই ইউনিটের কর্মকর্তা-সদস্যরা দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রমের মাধ্যমে সীমাবদ্ধতা ছাপিয়ে বেশ কিছু সাফল্য ইতিমধ্যে দেখিয়েছে।
এই ইউনিটের মূল বক্তব্য হচ্ছে-ইনটেলিজেন্স লেড প্রো-অ্যাকটিভ ইনভেস্টিগেশন, যেটার মাধ্যমে দেশকে জঙ্গিবাদীদের কবল থেকে মুক্ত করা, জঙ্গিবাদকে নির্মূল করা। একটা দক্ষ জনবল ও প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতাসম্পন্ন কাউন্টার টেররিজম ইউনিট গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।

গুলশান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের উল্লেখযোগ্য ৬ ঘটনা
কল্যাণপুর : ২৬ জুলাই, নিহত ৯ জন, নারায়ণগঞ্জ
২৭ আগস্ট, নিহত ৩ জন, মিরপুর
২ সেপ্টেম্বর, নিহত ১ জন, আজিমপুর
১০ সেপ্টেম্বর,নিহত ১ জন, গাজীপুর
৮ অক্টোবর, নিহত ৯ জন, টাঙ্গাইল
৮ অক্টোবর, নিহত ২ জন
আরও পড়ুন :