মাগুরা সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মাগুরা সফর করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ১১ নভেম্বরের ইউপি নির্বাচনের আগেই মাগুরার জগদল ইউনিয়নে হতাহতের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক অভিহিত করে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে এ মুহূর্তে এখানে নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে উল্লেখ করেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরায় নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করে তুলতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পরে দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে এবারের নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির অনুপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তারা এবারের ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে না, এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। আমরা নির্বাচন ব্যবস্থাপনা করি, নিরপেক্ষ নির্বাচন করাই আমাদের দায়িত্ব। কোন দল কী করবে, সেটি আমাদের বিবেচ্য নয়।’
এবারের নির্বাচনে বিএনপির অনুপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। কোন দল কী করবে, সেটি আমাদের বিবেচ্য নয়।’
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট রয়েছে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘মানুষের মধ্যে আস্থার সংকট আছে, এটি বিশ্বাস করি না। আস্থা আছে বলেই বিভিন্ন জায়গায় অধিকসংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থানীয় নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতিও চোখে পড়ার মতো।’
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রশিদ, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক এ কে এম নাহিদুল ইসলাম, বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলামসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।