এ সরকারকে হটানো ছাড়া জনগণ ভোট দিতে পারবেন না: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে সরকার। ২০০৮ সালে মঈন উদ্দিন-ফখরুদ্দীনের অবৈধ সরকার তাদের গায়ের জোরে বসিয়ে দিয়েছে।’

আজ বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও উপরাষ্ট্রপতি মওদুদ আহমদের স্মরণসভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি সভায় প্রধান অতিথি ছিলেন। উপজেলার মানিকপুর গ্রামে মওদুদ আহমদের বাড়ি-সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করে কোম্পানীগঞ্জ বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সরকার চিন্তা করছে ভবিষ্যতে ইভিএমের মাধ্যমে আবার ভোট ডাকাতি করে নিয়ে যাবে। কিন্তু এ দেশে এ ধরনের নির্বাচন আর হতে দেওয়া যাবে না। এ সরকারকে হটানো ছাড়া জনগণ ভোট দিতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান। এ ছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, নোয়াখালী-৫ আসনের সাবেক সাংসদ হাছনা জসীম উদ্দীন মওদুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদকে নিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মওদুদ আহমদ ১৫টি বই লিখেছেন। আরও দুটি বই অপ্রকাশিত। তিনি বাস্তবতার ভিত্তিতে দেশের রাজনীতি, গণতন্ত্র নিয়ে বই লিখেছেন। তাঁকে এ সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বাড়ি থেকে উচ্ছেদ করে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার যদি দ্রব্যমূল্য কমাতে না পারে, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারে, তবে অনতিবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। আর তা না হলে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য আগামী দিনে পদক্ষেপ নেবে। কারণ, কোনো স্বৈরাচার নিজে থেকে যায় না, তাদের বিদায় করে দিতে হয়।

স্মরণসভায় আরও বক্তব্য দেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন প্রমুখ।