এই ইসিকে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের চিকিৎসা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার বরিশাল মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: প্রথম আলো

আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে নবগঠিত নির্বাচন কমিশনকেও। বরিশাল মহানগর বিএনপির এক বিক্ষোভ সমাবেশে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর বলেন, ‘এই সরকারের নির্বাচন কমিশনকে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের পাগলা গারদে নিয়ে চিকিৎসা করানো দরকার। নির্বাচন নিয়ে এখন কোনো কথা নেই। আগে এই আওয়ামী লীগ সরকার যাবে আর নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে। তারপরই কেবল নির্বাচন নিয়ে কথা হবে। এই নির্বাচন কমিশনের কমিশনারদের বায়োডাটাই বলে, তাঁরা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। এই নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবার ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে গয়েশ্বর আরও বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তা সবাই বুঝে গেছে। এই সরকারের দেশ, দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই। এখন মানুষের জীবনের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠলেও, জনবিচ্ছিন্ন সরকারের কোনো অনুভূতি নেই। তাঁরা লুটপাটে ব্যস্ত। এ জন্যই এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের যোগ দেওয়া ছাত্রদলের দুটি পক্ষ সমাবেশের আগে এবং সমাবেশ চলাকালে কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। দুপুরে সমাবেশে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নেতা-কর্মীদের সরকার পতনের স্লোগান দিতে শোনা যায়। সমাবেশ ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল।

গয়েশ্বর আরও বলেন, পুলিশ জনতার রক্ষক হিসেবে কাজ করবে, কিন্তু সরকার পুলিশ দিয়ে ভোট চুরি করায়। যেখানে দুর্নীতি থাকে, সেখানে সভ্য মানুষ বাস করতে পারে না। দেশে দেশে যখন তেলের দাম কমে, সেখানে সরকার তেলের দাম বাড়ায়। নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সরকার যখন বিপদে পড়ে, তখন প্রলোভন ও ভয় দেখাবে। তাই কাউকে সরকারের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ প্রমুখ।