‘এই দেশ আমাদের সব ধর্মাবলম্বীর’
আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতা–পরবর্তী নেত্রকোনায় এই প্রথম জেলা প্রশাসনের আয়োজনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজিত হলো।
এতে বিভিন্ন মিশন, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। তা ছাড়া কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হয়। জেলার কলমাকান্দা, দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে এবার ৬৫টি গির্জায় বড়দিন উদ্যাপিত হবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই দেশ সব ধর্মাবলম্বী মানুষের। সবার এখানে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জাতির পিতা চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ আত্মবলিদান করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছর হতে চললেও এই দেশে এখনো ধর্মের নামে হানাহানি চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন–নিপীড়ন চলেছে।
অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার এম শোভন খান, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রেমন্ড আরেং, কলমাকান্দার বালুচড়া ধর্মপল্লির ফাদার যোশেফ চিচিম, গারো নেতা সুজয় মানখিন, চিরঞ্জীব বনোয়ারি, পাভেল কস্তা প্রমুখ।
ফাদার যোশেফ চিচিম বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই দেশে জন্মেছি। আলো, বাতাস, রূপ, রস, গন্ধ, স্পর্শ—সব অনুভব করছি। এই দেশ আমাদের মা। মুক্তিযুদ্ধে জাতির পিতার ডাকে আমরা সব ধর্মের মানুষ অংশ নিয়েছি। আমরা শান্তিতে দেশে বসবাস করতে চাই।’ ফাদার যোশেফ চিচিম যিশুর মানবকল্যাণের মর্মবাণী ধারণ ও অনুসরণ করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দেশের সব ধর্মের মানুষকে নিয়ে উন্নয়নের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রেমন্ড আরেং বলেন, সংখ্যালঘুদের উন্নয়নে এই সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ কারণেই শান্তিতে, সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নে রোল মডেল।
পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, বড়দিনে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার খ্রিষ্টান–অধ্যুষিত কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলায় নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখবে। নির্বিঘ্নে, আনন্দের সঙ্গে বড়দিন উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, এখানে সব ধর্মের মানুষ সমান অধিকারের মাধ্যমে বসবাস করছেন। শান্তি, সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ—এসব মানবিক আচরণই ধর্মীয় মূল্যবোধ। সব ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। যিশুও মানবমুক্তির জয়গান গেয়েছেন।