এই শিক্ষকেরা আছেন নিদারুণ কষ্টে

‘প্রায় চার মাস বেতন পাইতাছি না। পরিবার নিয়া খাইয়া না–খাইয়া আছি। এত দিন ধারকর্জ কইরা চলছি। ধারের টেয়া শোধ দিতে পারতাছি না। এহন কেউ ধারও দিতে চায় না। লজ্জায় কারও কাছে ভিক্ষাও চাইতে পারি না। মানসম্মানের জন্য দিনমজুরি করতে পারতাছি না। টিউশনিগুলো বন্ধ। সামনে ঈদ। এবার ঈদের আনন্দই মাটি।’
এক নিশ্বাসে কথাগুলো বলছিলেন মজিবুর রহমান। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ‘কাঁচিয়ারা মডেল প্রাইমারি স্কুল’ নামের একটি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক। চার মাস ধরে বেতন না পেয়ে অভাব ও কষ্টের কথা এভাবেই প্রকাশ করলেন তিনি।
মজিবুরের মতো উপজেলার ৫৭টি কিন্ডারগার্টেনের প্রায় ছয় শ শিক্ষক ও কর্মচারী গত এপ্রিল থেকে বেতন পাচ্ছেন না। করোনার কারণে টিউশনি বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম অর্থকষ্টে রয়েছেন তাঁরা।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্র জানায়, এই উপজেলায় মোট কিন্ডারগার্টেনের সংখ্যা ৫৭। শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ছয় শ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ বলেন, শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্য ফি থেকেই কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের বেতন হয়। করোনার কারণে মার্চ থেকে কিন্ডারগার্টেন বন্ধ। তাই শিক্ষার্থীদের বেতন আদায় হচ্ছে না। এ কারণে শিক্ষক-কর্মচারীরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাঁদের। লজ্জায় নিজেদের অভাব ও কষ্টের কথা কাউকে বলতেও পারছেন না। সরকারের কাছ থেকেও প্রণোদনা বা সহায়তা পাননি।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সরকারি প্রণোদনা বা খাদ্যসহায়তা দেওয়ার দাবিতে কয়েক দিন আগে সংগঠনের পক্ষ থেকে জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কয়েক দিনের মধ্যে উপজেলায়ও মানববন্ধন করবেন। শিক্ষক-কর্মচারীদের সমস্যার বিষয়টি ইউএনও ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট’ নামের একটি মানবাধিকার সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক অশোক কুমার রায়। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে অর্থকষ্টে থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সহায়তায় সরকার তথা সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। শিক্ষকদের অনাহারে-অর্ধাহারে রেখে ভালো শিক্ষা আশা করা যায় না।
উপজেলার নবকলস এলাকার ‘নতুন কুঁড়ি’ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হালিমা আক্তার বলেন, ‘প্রতিষ্ঠান থেকে যে বেতন পেতাম তা দিয়ে এবং কয়েকটি টিউশনির টাকায় জোড়াতালি দিয়ে পরিবারের খরচ মেটাতাম। এখন সব বন্ধ। কেউ আমাদের খোঁজও নিচ্ছে না।’
শোভনকর্দী এলাকার ‘মাদারকেয়ার একাডেমি’ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার বলেন, ‘কারোর কাছে ভিক্ষা বা করুণাও চাইতে পারি না। এভাবে চলতে থাকলে না খেয়েই মরতে হবে। করোনা আমাগো সবকিছু মাটি কইরা দিছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, প্রতিষ্ঠানের আয় থেকেই কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের বেতন হয়ে থাকে। করোনার কারণে সে হিসাব পাল্টে গেছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁরা বেতন পাচ্ছেন না। সচ্ছল ব্যক্তি ও সরকারের উচিত তাঁদের সহায়তায় এগিয়ে আসা।