এই সরকারের আমলে মানুষ ঠিকমতো ভাত খেতে পায় না: শামা ওবায়েদ
এই সরকারের আমলে মানুষ ঠিকমতো দুমুঠো ভাত খেতে পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন ১৬ টাকা কেজি চাল ছিল, আর সেই চাল এই সরকার খাওয়াচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আজ বুধবার বিকেল ৫টায় মাদারীপুর শহরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন শামা ওবায়েদ।
এদিন পুলিশের বাধার কারণে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি কিছুটা বাধার মুখে পড়ে। এ বিক্ষোভ সমাবেশ বেলা ৩টায় অনুষ্ঠিত শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল ৫টায়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় বলেছিল ১০ টাকার চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। কই আপনারা কী ১০ টাকায় চাল খাচ্ছেন? ঘরে ঘরে চাকরি পাইছেন? পাচ্ছেন না।
বিএনপির এই নেত্রী আরও বলেন, ফেসবুকে এক বোন লিখেছেন, পেঁয়াজ আর তেল ছাড়া রান্না শিখে গেছি। এখন চাল ছাড়া ভাত রান্না করা শিখতে পারলেই হলো। এই সরকারের আমলে আমাদের ভাইয়েরা চাকরি না পেয়ে বিদেশে গিয়ে লাশ হয়ে ফেরে। এই দেশের কৃষি ও শিল্পে বিপ্লব একমাত্র বিএনপিই ঘটিয়েছে। স্বৈরাচারী এরশাদের পতন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকেই হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার চেয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই সরকারের আমলে মানুষ ভোট দিতে পারে না, মানুষ গুম হয়, আমাদের বোনেরা ধর্ষিত হয়। প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সবার কাছে আমার একটাই দাবি, আপনারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন তুলুন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাতে ভোট চুরি করে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। ফরিদপুরের ছাত্রলীগের দুই ভাই দুই হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। অথচ মাত্র দুই কোটি টাকা দুর্নীতির মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাভোগ করিয়েছে সরকার। এ কারণে এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই সরকারকে প্রতিহত করার জন্য একজোট হয়ে আন্দোলনে নামার কোনো বিকল্প নেই।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে তালুকদার খোকন বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির যে অবস্থা মানুষ কিছুদিন পরে না খেয়ে মরবে। এই সরকার যত দিন আছে, তত দিন সাধারণ মানুষ শোষিত হবে।’
বিক্ষোভ সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সদস্য কাজী হুমায়ুন কবির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির শাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবুর রহমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী, যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন, মিজানুর রহমান প্রমুখ।