এইচএসসির ফল নিয়ে দুই শতাধিক শিক্ষার্থী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিপাকে পড়েছেন খুলনার সরকারি সুন্দরবন, সিটি, কমার্স ও মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের বেশির ভাগই পরীক্ষায় অংশগ্রহণ করার পরও গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তাঁদের কাউকে অনুপস্থিত আবার কারও ফল স্থগিত দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কলেজ চারটির অধ্যক্ষের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, খুলনার সরকারি সিটি কলেজের বিজ্ঞান বিভাগের ১৩ জন, বাণিজ্য বিভাগের ৬৪ জন ও মানবিক বিভাগের ১১ জন শিক্ষার্থীর ফলাফল আসেনি। তিন বিভাগের মোট ৭১ জনকে পরীক্ষায় অনুপস্থিত এবং ১৮ জনের ফল স্থগিত দেখানো হয়েছে। ফলাফল স্থগিত দেখানো ১৮ জনের মধ্যে নয়জনের প্রবেশপত্র কলেজে পড়ে আছে। তবে এই নয়জনকে অনুপস্থিত না দেখিয়ে ফল স্থগিত দেখানো হয়েছে।
একইভাবে সরকারি আযম খান সরকারি কমার্স কলেজের ১৭ জন শিক্ষার্থীকে অনুপস্থিত ও তিনজনের ফল স্থগিত দেখানো হয়েছে। সরকারি সুন্দরবন কলেজে ফল স্থগিত ও অনুপস্থিত দেখানো হয়েছে ১২৪ জনকে, খুলনা সরকারি মহিলা কলেজের চারজনের ফল স্থগিত ও পাঁচজনকে অনুপস্থিত দেখানো হয়েছে।
গতকাল শনিবার সিটি কলেজের অনুপস্থিত দেখানো ৬১ জন ও ফল স্থগিত হওয়া দুজন অধ্যক্ষের মাধ্যমে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
এ রকম একজন শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘সব বিষয়ে পরীক্ষা দিয়েছি। আশা ছিল ভালো ফলও করব। কিন্তু আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে। বিষয়টা আমার ও পরিবারকে চিন্তিত করে তুলেছে।’
কলেজে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে এসেছিলেন অনুপস্থিত দেখানো তামিম শামছি মিমের বাবা কিউ এস ইসলাম। তিনি বলেন, ‘আমার মেয়ে সব বিষয়ে পরীক্ষা দিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র ছিল সুন্দরবন কলেজ। ওই কলেজ থেকে হাজিরাপত্র সংগ্রহ করে দেখেছি সব পরীক্ষায় সে উপস্থিত ছিল।’
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রথম আলোকে বলেন, ‘রোল ও নিবন্ধন নম্বর ভুল লেখা, ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়া, কেন্দ্র পরিবর্তনের তথ্য ভুল আসাসহ নানা কারণে এমনটা হতে পারে। শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে স্থগিতের কারণ দেখে খুব দ্রুত সময়ে বিষয়টা সমাধান করে দেব। অনুপস্থিত দেখানো শিক্ষার্থীদের হাজিরা খাতার ফটোকপিসহ বোর্ডে যোগাযোগ করতে হবে।’
পরীক্ষায় অংশ না নিয়েও ফলাফল স্থগিত দেখানোর বিষয়ে মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘অনলাইনে ওই সব শিক্ষার্থীর ডেটা না পাওয়ায় তাদের সুবিধার জন্যই ফল স্থগিত রাখা হয়েছে।’
সিটি কলেজের উপাধ্যক্ষ মনিরুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, ‘৬৩ জন শিক্ষার্থী তাদের ফলাফল ভুল দেখানো হয়েছে বলে আবেদন করেছে। আমরা বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। রোববার যশোর বোর্ডে এসব আবেদন নিয়ে প্রতিকারের বিষয়ে কথা বলব।’
আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কালিপদ মজুমদার জানান, পরীক্ষার কেন্দ্র থেকে তথ্য পাঠাতে ভুলের কারণে এই সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোর্ডে যোগাযোগ করা হয়েছে। তারা ফল পুনর্নিরীক্ষণ করার আশ্বাস দিয়েছে।
সরকারি সুন্দরবন কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বলেন, ‘সিটি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল আমাদের কলেজে। তাদের হাজিরাপত্র বোর্ডে ঠিকমতো পাঠানো হয়েছে। তারপরও কেন পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হলো, তা এখনো বুঝতে পারছি না। আমার কলেজে মোট ১২৪ জনকে অনুপস্থিত ও স্থগিত দেখানো হয়েছে।’