মা-বাবা থাকলেও মোহাম্মদ আবছারের শৈশব আর কৈশোর কেটেছে এতিমখানায়। বাবা তাঁকে ছেলের স্বীকৃতি দেননি। পাঁচ বছর বয়সে মা-ও দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যান। অগত্যা তাঁর ঠাঁই হয় এতিমখানায়। অনেক কষ্টে লেখাপড়া শিখে এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন তিনি। এবার নেমেছেন বাবার কাছ থেকে ছেলের স্বীকৃতি আদায়ের আইনি লড়াইয়ে।
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ২৯ বছরের আবছার সন্তানের স্বীকৃতি পেতে গত বছরের ২১ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন।
আবছার যাঁকে বাবা দাবি করছেন, তাঁর নাম মো. ইউসুফ। তিনি এখন সৌদিপ্রবাসী। মাঝেমধ্যে দেশে আসেন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায়।
সন্তানের স্বীকৃতি চেয়ে আবছারের করা আবেদনটির বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চট্টগ্রাম কার্যালয়ে পাঠান জেলা প্রশাসক। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে আইনি নোটিশ পাঠানো হয় মো. ইউসুফকে।
আইনি নোটিশের জবাব না দেওয়ায় এখন ইউসুফের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান সংস্থার প্যানেল আইনজীবী রেহাত আলী ইসমত। প্রথম আলোকে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি ইউসুফকে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এখন তাঁর কাছ থেকে সন্তানের স্বীকৃতি আদায়ের জন্য মামলা করার প্রস্তুতি চলছে।
আবছারের বক্তব্য, গত সাত বছরে মো. ইউসুফ যতবারই দেশে এসেছেন, ততবারই তিনি ছুটে গেছেন তাঁর কাছে—সন্তানের স্বীকৃতির আশায়। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে ইউসুফ দেশে আসেন। আবছার তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রহৃত হয়েছেন। এ ঘটনায় গত বছরের ডিসেম্বরে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আবছার। এরপর জানুয়ারি মাসে সালিসি বৈঠক ডাকে পুলিশ। কিন্তু সালিসেও উপস্থিত হননি মো. ইউসুফ। মো. ইউসুফ দেশে না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানায় আবছারের করা জিডির তদন্ত করেছেন উপপরিদর্শক (এসআই) মানিক শর্মা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকায় খোঁজখবর নিয়ে জেনেছি, ইউসুফ ওই ছেলেটির বাবা। ইউসুফকে থানায় ডাকা হয়েছিল। কিন্তু তিনি না এসে সৌদি আরব পালিয়ে যান।’
এ বিষয়ে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমেদ প্রথম আলোকে বলেন, আবছারের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতাসহ সব সনদে তাঁর বাবার নাম লেখা আছে মো. ইউসুফ।
আবছারের বক্তব্য অনুযায়ী, ১৯৮৬ সালে মো. ইউসুফের সঙ্গে তাঁর মায়ের বিয়ে হয়। কিন্তু তাঁর মা স্বামীর বাড়িতে ওঠার সুযোগ পাননি। তিনি (আবছার) মায়ের পেটে থাকা অবস্থায় বিয়ে অস্বীকার করেন মো. ইউসুফ। তাঁর মা বিয়ের স্বীকৃতি আদায়ের জন্য ১৯৮৬ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলা দেওয়ানি আদালতে মামলা করেন। মামলা করার ছয় মাস পর তাঁর জন্ম হয়। জন্মের পাঁচ বছর পর মা দ্বিতীয় বিয়ে করেন। এরপর ওই মামলার খোঁজ আর কেউ করেনি।
আবছারের মা বলেন, ইউসুফের সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, তখন কাবিননামা হয়নি। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে তুলে নেবে বললেও পরে তুলে নেয়নি। আবছারের জন্মের পর ইউসুফ যখন বিয়ে অস্বীকার করেন, তখন মামলা করেন তিনি।
আবছার বলেন, তিনি চট্টগ্রাম নগরের কদম মোবারক এতিমখানায় ছিলেন। সেখান থেকেই এইচএসসি পাস করেন। এরপর এতিমখানা ছাড়তে হয়। পরে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক (বিএ) ডিগ্রি নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবার কাছে কেবল সন্তান হিসেবে স্বীকৃতি চাই। তাই আইনের আশ্রয় নিয়েছি। প্রয়োজনে আমার আর বাবার ডিএনএ মিলিয়ে দেখা হোক।’