এক ইউনিয়নে করোনার প্রকোপ, লকডাউনের পর কেন্দ্র খুলে নমুনা পরীক্ষা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ইউনিয়নের চারজন করোনায় মারা গেছেন। বর্তমানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা অর্ধশতাধিক। এ অবস্থায় উপজেলা প্রশাসন আজ বুধবার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামে লকডাউন ঘোষণা করেছে।
ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে খোলা হয়েছে করোনা পরীক্ষার অস্থায়ী কেন্দ্র। আজ বেলা একটা পর্যন্ত সেখানে অ্যান্টিজেন পদ্ধতিতে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।
এই এলাকায় রয়েছে চুল প্রক্রিয়াজাতকরণের অনেকগুলো কারখানা। সেগুলো আগামী এক মাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
লকডাউনের আওতায় আনা গ্রামগুলো হচ্ছে শিবনগর, হরিরামপুর, পীরপুরকুল্লা, মুন্সীপুর, কুতুবপুর, জাহাজপোতা ও হুদাপাড়া। উপজেলা প্রশাসন এসব গ্রামের মানুষের জন্য ওষুধপথ্য ও খাদ্যসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এই এলাকায় রয়েছে চুল প্রক্রিয়াজাতকরণের অনেকগুলো কারখানা। সেগুলো আগামী এক মাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি গ্রামের প্রবেশমুখে বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে পাহারা বসানো হয়েছে। দুপুরের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে।
আজ সকাল ১০টায় শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের সাতটি গ্রামে লকডাউনের ঘোষণাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ রায়। স্বাগত বক্তব্য দেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।
আবু হেনা মোহাম্মদ জামাল প্রথম আলোকে বলেন, মঙ্গলবার পর্যন্ত দামুড়হুদা উপজেলায় করোনা ‘পজিটিভ’ ব্যক্তির সংখ্যা ছিল ৫৫। এর মধ্যে কার্পাসডাঙ্গা ইউনিয়নেরই ৩৫ জন। ইউনিয়নের শিবনগরে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে আজ বেলা দুইটা পর্যন্ত অ্যান্টিজেন পদ্ধতিতে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টিকে ‘রীতিমতো উদ্বেগজনক’ উল্লেখ করে আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, ‘শনাক্ত ব্যক্তিদের কেউ করোনার ভারতীয় ধরনে সংক্রমিত কি না, তা নিশ্চিত হতে প্রত্যেকের নমুনা ঢাকায় আইডিসিআরে পাঠানো হবে। গুরুতর অসুস্থ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চুয়াডাঙ্গা শহরে করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হবে। অন্যদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে।’