বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে শ্বশুরের বিপক্ষে জামাই ও ভাইয়ের বিপক্ষে ভাই প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেওয়া হয়।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ধুনট উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬০ জন প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোননয়নপত্র দাখিল করেছেন। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন তাঁর জামাই আরিফুর রহমান। অন্যদিকে মথুরাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর আপন ছোট ভাই মাহফুজার রহমান।
এসব প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তাঁরা জনগণের ওপর আস্থা রেখে এখন পর্যন্ত ভোটে অংশগ্রহণ করার সিদ্ধান্তে অটুট আছেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী বলেন, ২৮ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬০ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিলকারীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১১ নভেম্বর পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।