এক ইঞ্চিতে আঁকা বঙ্গবন্ধুর চিত্রকর্ম নিয়ে বগুড়ায় প্রদর্শনী

ক্ষুদ্রতম চিত্রের প্রদর্শনী দেখতে আসেন দর্শনার্থীরা। শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল–সবুজের মানচিত্রে পেনসিল ও স্কেচে আঁকা কয়েক হাজার চিত্রকর্ম। সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। প্রতিটি চিত্রকর্মের দৈর্ঘ্য ২ সেন্টিমিটার। প্রস্থ ২ দশমিক ৫০ সেন্টিমিটার।

মানচিত্রের আরেক পাশে লালসালুর মলাটে বাঁধানো এক থেকে দেড় ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থের খুদে একটি বই। এর পৃষ্ঠাসংখ্যা ৪১০। আছে পেনসিল ও জলরঙে আঁকা ২৫০টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তারুণ্য ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৫ বছরের বর্ণাঢ্য জীবন তুলে ধরতে বগুড়ার তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম তৈরি করেছেন প্রায় এক ইঞ্চির ক্ষুদ্রতম চিত্রকর্ম। এসব চিত্রকর্ম নিয়ে আজ শুক্রবার থেকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আয়োজন করা হয়েছে একক প্রদর্শনীর। চলবে শনিবার পর্যন্ত। বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে আছে ১৯২০ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত সময়ের নানা খণ্ডচিত্র। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনাও স্থান পেয়েছে। ২১৫টি চিত্রকর্মের সব কটিই জলরঙে আঁকা।  

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা ও মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ। উপস্থিত ছিলেন জেলা সংস্কৃতি কর্মকর্তা শাহাদৎ হোসেন, মাটিডালি উচ্চবিদ্যালয়ের শিক্ষক লাল মিয়া প্রমুখ।

বঙ্গবন্ধুর ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রকর্ম দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। একেকটি চিত্রে বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে
প্রথম আলো

তরুণ শিল্পী তারিকুল ইসলাম পড়াশোনা করছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগে। তাঁর বাড়ি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে।

তারিকুল ইসলাম বলেন, তাঁর চিত্রকর্ম নিয়ে দেশে-বিদেশে প্রদর্শনী হয়েছে। পেয়েছেন নানা পুরস্কার। ২০০৯ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৭টি দেশের অংশগ্রহণে প্রদর্শনীতে তাঁর আঁকা বেশ কিছু ছবি প্রশংসিত হয়। এ ছাড়া ধানমন্ডির আর্ট গ্যালারি, ময়মনসিংহে বঙ্গবন্ধু আর্ট ক্যাম্প, নেপালের কাঠমান্ডু, মিয়ানমার ও ভারতেও তাঁর আঁকা চিত্রের প্রদর্শনী হয়েছে।

তারিকুল বলেন, মুজিব শতবর্ষে দেড় শ ফুট দীর্ঘ একটি পোর্ট্রেট চিত্রকর্ম এঁকে গিনেস বুকে রেকর্ড গড়তে চেয়েছিলেন। অর্থ জোগাতে না পেরে এখন বঙ্গবন্ধুকে নিয়ে ক্ষুদ্রতম চিত্রকর্ম এঁকেছেন।