
সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়া সদরের এক কিলোমিটারের ভোগান্তি থেকে মুক্তি মিলছে না যাত্রীদের। এই অংশটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যানবাহন চলাচল।
স্থানীয় লোকজন জানান, প্রায় আট বছর আগে সড়কের উপজেলা সদরের অংশ সংস্কার করা হয়েছিল। এরপর মাঝেমধ্যে সড়কে সৃষ্ট গর্তগুলো ভরাট করা হলেও পূর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিনে দিনে সড়কের ওই অংশটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিবছর বর্ষা মৌসুম এলে দুর্ভোগ বেড়ে যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, সড়কের সাতকানিয়া উপজেলা সদরের প্রায় ৯০০ মিটার এলাকা নিচু। সড়কটি উঁচু করে তারপর সংস্কার করতে হবে। ভরাট ছাড়া সংস্কার করলে তা টিকবে না। তবে এত দিন সড়কে সৃষ্ট গর্তগুলো মেরামত করা হয়েছে। কিন্তু গাড়ি ও লোকবলের অভাবে চলতি বর্ষা মৌসুমে সৃষ্ট গর্তগুলো নিয়মিত মেরামত করা যায়নি। ফলে সড়কটির কোনো কোনো অংশে বড় গর্ত সৃষ্টি হয়েছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল জলিল বলেন, খানাখন্দ বেশি হওয়ায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই যন্ত্রাংশ ভেঙে যায়। এ অবস্থায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ।
সাতকানিয়া নাগরিক কমিটির সভাপতি ইদ্রিছ মিয়া বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কের চুন্না মাস্টারের স্কুল থেকে ডলুসেতু পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক বিভাগ এ অংশটি কেন সংস্কার করছে না বুঝতে পারি না। তা ছাড়া বর্তমানে পুরো সড়কেই ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে ভোগান্তি আরও বেড়েছে।
এ প্রসঙ্গে সওজ বিভাগের দোহাজারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ ভরাট করে সংস্কার করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তা ছাড়া পুরো সড়কে বর্ষা মৌসুমে সৃষ্ট গর্তগুলো ভরাট করে মেরামত করা হচ্ছে। তবে গাড়ি ও লোকবলের অভাব এবং বৃষ্টির কারণে তা নিয়মিত সম্ভব হচ্ছে না।