এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব পেয়ে শিশু ধর্ষণকারীদের প্রকাশ্য বিচার চাইল অষ্টমণি
সিলেটে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের চেয়ারে বসে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে চা-শ্রমিককন্যা অষ্টমণি লোহার। এ সময় সে শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চায়।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগরের বাগবাড়ী এলাকায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের দপ্তরে সে এই প্রতীকী দায়িত্ব পালন করে। নবম শ্রেণির ছাত্রী অষ্টমণি লোহার লাক্কাতুরা চা-বাগানের বাসিন্দা ।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘আরডব্লিউডিওওয়াই মুভস’ প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতীকী দায়িত্ব পালনের অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম। এতে প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা মহসিন রেজা, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স লাক্কাতুরা চা-বাগান কার্যনির্বাহী কমিটির সভাপতি স্বপ্না গোয়ালা, সহসভাপতি সাগর লোহার, সংগঠনের শিশু সাংবাদিক দুর্জয় লোহার, সংগীতা লোহার, শিশু গবেষক রবি গোয়ালা, সদস্য ইমু দাস ও দীপ্তি লোহার উপস্থিত ছিলেন।
প্রতীকী দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতার সময়ে সেখানে ছিলেন সিলেটের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। অষ্টমণির দায়িত্ব পালনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নারীদের বাদ দিয়ে কোনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীদের নিয়েই আমাদের সমাজ এগিয়ে নিতে হবে। কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’