এক টাকা ২০ পয়সা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার আগ্রাবাদের সৈকত সম্মেলনকক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন লটারিতে জয়ী ভ্যাটদাতাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন
ছবি: সংগৃহীত

মাত্র ১ টাকা ২০ পয়সা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার জিতে নিয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ আল মারুফ।

আজ বুধবার আগ্রাবাদের সৈকত সম্মেলনকক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন তাঁর হাতে পুরস্কারের চেক তুলে দেন।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আল মারুফ সম্প্রতি উত্তর পতেঙ্গায় একটি বেকারি থেকে ২৫ টাকার সমুচা কিনে এই ভ্যাট দেন। তাঁর সঙ্গে মো. আজহারুল আনোয়ার নামের আরেকজনও জিতেছেন পুরস্কার। তিনি অবশ্য দক্ষিণ হালিশহরের একটি ক্যাফেটেরিয়া থেকে ৭৫০ টাকার ৩টি খাবারের প্যাকেট কিনে ৯৭ টাকা ভ্যাট দেন।

তিনিও লটারিতে ১০ হাজার টাকা পুরস্কার জিতেছেন। দুজনেই লটারিতে চতুর্থ পুরস্কার পান।

দুজনেই ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস বা ইএফডিতে ভ্যাট দিয়ে রসিদ সংরক্ষণ করে রেখেছিলেন। ৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের লটারিতে তাঁদের নাম ওঠে। আজ তাঁরা পুরস্কার নেন। চট্টগ্রাম অঞ্চলে পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ইএফডি চালানে পণ্য কেনায় উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে রাজস্ব বোর্ড লটারির আয়োজন করে। এতে ১০১টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এ পুরস্কার ভ্যাট ও আয়করমুক্ত।
সবাইকে কেনাকাটার সময় চালান সংগ্রহ করে তা লটারির জন্য সংরক্ষণ করার অনুরোধ করেন তিনি।