এক দশকেও যা হয়নি তা হবে তিন মাসে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপাশে রানওয়ে, এপাশে যত্রতত্র পাথর ভাঙার কল। মাঝখানে নিরাপত্তাপ্রাচীর। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে ধোপাগুলের দিকে তাকালে পুরো এলাকা পাথর ভাঙার কলগুলোর উন্মুক্ত কোনো কারখানার মতো দেখায়। এসব কলে যখন পাথর ভাঙা শুরু হয়, তখন কল থেকে পাথরগুঁড়ো ছড়িয়ে পড়ে আশপাশসহ বিমানবন্দরের সংরক্ষিত এলাকায়ও।

এভাবে শুধু ধোপাগুল এলাকা নয়, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাটের জাফলং, জৈন্তাপুর ও কানাইঘাট—এ পাঁচ উপজেলার পাথর কোয়ারিঘেঁষা স্থানে রয়েছে দেড় হাজার পাথর ভাঙার কল। ২০১৩ সালের দিকে একটি আলাদা নীতিমালা করে ‘জোন’ প্রতিষ্ঠার কথা থাকলেও তা হয়নি। সম্প্রতি উচ্চ আদালত থেকে পাথর ভাঙার কলগুলোকে তিন মাসের মধ্যে জোনে নেওয়ার নির্দেশনা জারি হয়। সিলেটের জেলা প্রশাসন বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী সব পাথর ভাঙার কল তিন মাসের মধ্যে জোনে ফেরানো হবে। তবে এ তিন মাসের মধ্যে সম্ভব কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছে পাথর ভাঙার কলমালিকদের সংগঠন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা বলেন, ২০১৫ সালে বেলার একটি রিটের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ইতিমধ্যে রায় সিলেটের জেলা প্রশাসনে পৌঁছানো হয়েছে।

আদালতে করা রিটে পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ৬০৬টি পাথর ভাঙার কল অনুমোদনহীনভাবে পরিচালিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত প্রায় এক বছরে এ সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০টিতে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেটের বিমানবন্দর লাগোয়া ধোপাগুল এলাকায় পাথর ভাঙার কল নতুন করে স্থাপিত হয়েছে ২৭টি। ভ্রাম্যমাণ কল হিসেবে চলছে আরও প্রায় ৫০টি।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, নির্মাণকাজে ব্যবহারের জন্য পাথর গুঁড়ো করা অপরিহার্য। এ অবস্থায় পাথর ভাঙার কলগুলোকে বৈধতা দিতে ২০০৬ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়ন করে। খোলা জায়গায় যত্রতত্র গড়ে ওঠা এসব কল পরিবেশ ও জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করায় ২০১৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি আলাদা নীতিমালা করে।

জেলা প্রশাসন জানায়, নীতিমালার আলোকে কোনো পাথর ভাঙার কল পরিচালিত না হওয়ায় প্রাথমিকভাবে সবই অবৈধ হিসেবে গণ্য করা হচ্ছে। ২০১৩ সালের দিকে জেলা প্রশাসনের একটি দল কলগুলোকে অঞ্চলভুক্ত করার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় স্টোন ক্রাশার জোন স্থাপনে প্রাথমিক জরিপ চালানো হয়। ২০১৫ সালের ডিসেম্বরে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। ডিবির হাওরের ওই এলাকা লাল শাপলা ফুল ফোটার জন্য পর্যটকদের দৃষ্টি কাড়ছিল। গত বছরের ১৩ মার্চ ‘শাপলার হাওর হত্যার আয়োজন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় ছাপা হলে প্রস্তাব বাতিল হয়।

এ অবস্থায় আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনায় পাথর ভাঙার কলগুলোকে জোনে ফেরানো সম্ভব কি না, এ নিয়ে প্রশ্ন উঠছে। পাথর ভাঙার কলমালিকদের সংগঠন ‘স্টোন ক্রাশার মিল মালিক সমিতি’র সভাপতি আবদুন নূর বলেন, যেখানে জোনই নির্ধারণ হয়নি, সেখানে কলগুলো যাবে কোথায়?

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলছেন, ‘ডিবির হাওরের প্রস্তাব বাতিল হলেও আরও তিনটি প্রস্তাবিত জায়গা আছে। অতি দ্রুত সেসব জায়গায় জোন করে তিন মাসের মধ্যে স্টোন ক্রাশার মিলগুলোকে সেখানে স্থানান্তরে আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং এটি করা সম্ভব।’