এক দিনে মা–বাবা হারানো দুই মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এতিম দুই মেয়ের হাতে জি এম কাদেরের পক্ষে নগদ টাকা, চাদর ও কম্বল তুলে দেওয়া হয়। শুক্রবার লালমনিরহাট প্রেসক্লাবে।
ছবি: প্রথম আলো

একই দিনে মা–বাবাকে হারানো হাতীবান্ধার স্কুলপড়ুয়া এতিম দুই মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শিশু দুটি হলো ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া গ্রামের মৃত হিমাংশু রায় ও সাবিত্রী রানী দম্পতির মেয়ে পিংকি রানী রায় (১৪) ও প্রিয়াশি রানী রায় (১১)।

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জাহিদ হাসান। এ সময় সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জি এম কাদের বলেন, ‘ঘটনাক্রমে মা ও বাবাকে একই দিনে হারিয়ে দুই মেয়ে অসহায় হয়ে পড়েছে। তাদের দুঃখ–কষ্ট ও পড়াশোনার সংকটের কথা জানতে পেরে আমি সিদ্ধান্ত নিয়েছি, তাদের লেখাপড়ার খরচ আমি দেব। যাতে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা দেশের মানুষের দুঃখ–কষ্ট দূর করতে, তাদের সেবা করতে রাজনীতি করি। এ জন্য আমি এতিম দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছি।’

লালমনিরহাট জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জাহিদ হাসান বলেন, পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের পরামর্শে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির নেতাদের মাধ্যমে এতিম দুই কন্যা পিংকি রানী ও প্রিয়াশি রানীর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। শুক্রবার এতিম দুই কন্যার হাতে টাকা, চাদর, কম্বল তুলে দেওয়া হয়। এ সময় পিংকি রানীর পরিবারের পক্ষে তার দাদা বিশ্বেশ্বর রায় ও জ্যাঠা সুধীর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বিশ্বেশ্বর রায় প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে হিমাংশু রায় ও তার স্ত্রী সাবিত্রী রানী রায় গত ৬ জানুয়ারি একই দিন মারা যায়। আমার দুই নাতনির পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যার। এতে আমরা খুব খুশি ও কৃতজ্ঞ।’

গত ৬ জানুয়ারি সকালে হাতীবান্ধার পূর্ব কাদমা মালদাপাড়া গ্রামের বাড়ি থেকে প্রথমে সাবিত্রী রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাবিত্রীর স্বামী হিমাংশু রায়কে থানায় নিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় একই দিন বিকেলে হিমাংশুর মৃত্যু হয়। পুলিশের দাবি, হিমাংশু আটক অবস্থায় গলায় তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে পরিবারের দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সাবিত্রী ও হিমাংশুর লাশ ময়নাতদন্ত শেষে সৎকার করা হয়। সার্বিক ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।