এক দিনে সর্বোচ্চ ১৯৩ জনের করোনা শনাক্ত, সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) এক দিনে বিভাগে সর্বোচ্চ ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর দুজন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮১ জনের। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৫০।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী সাতজনের মধ্যে ছয়জনই মারা যান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসোলেসনে। এই হাসপাতালে করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি বরগুনায়। অপর একজন করোনা রোগী মারা যান পিরোজপুরে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যুর সংখ্যা ছিল ৮। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৩। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করোনা শনাক্ত হওয়া ১৯৩ জনের মধ্যে বরিশাল জেলায় আছেন ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৮। পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ২০ জন। এখানে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬। ভোলায় নতুন ১০ জনসহ মোট আক্রান্ত ১ হাজার ৪৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৩ জন নিয়ে মোট ২ হাজার ১৪২ জন, বরগুনা জেলায় নতুন ১৫ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৪১০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৮ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৯। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৩৯২।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা স্থিতিশীল থাকলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় সংক্রমণ বাড়ছে। ১৭ থেকে ২৯ জুন—এই ১৩ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। তাঁদের মধ্যে বরিশাল জেলায় ৪৯০, পিরোজপুরে ৩৫২ ও ঝালকাঠিতে ২২৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, গত ১২ দিন ধরে বিভাগে সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে। পিরোজপুরে ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। এরই মধ্যে পিরোজপুরের চারটি পৌর শহরকে গত শনিবার থেকে লকডাউন করা হয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি—এই তিন জেলায় সংক্রমণ বেড়ে যাওয়ার প্রবণতা থাকলেও তিন দিন ধরে বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলায়ও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ ছাড়া বিভাগে মৃত্যুও বাড়ছে।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।