এক দিনের ব্যবধানে একই কর্মকর্তাকে দুই স্থানে বদলি
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাককে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক আদেশে দুটি পদে দুই স্থানে বদলি করা হয়েছে। ফলে ওই কর্মকর্তার যোগদান করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মুখলেছুর রহমান স্বাক্ষরিত আদেশে কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাককে (৩৩৯০৬) জয়পুরহাটের সিভিল সার্জন (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়। আর জয়পুরহাটের সিভিল সার্জন আবদুল কাদের খানকে (৩২৬২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়।
পরের দিন ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত আদেশে আবদুর রাজ্জাককে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে বদলি করা হয়। আর আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাসকে (৩৩৫২৫) সিরাজগঞ্জের কাজীপুরে বদলি করা হয়।
জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জয়পুরহাটের সিভিল সার্জন আবদুল কাদের খান বদলির আদেশ পেয়ে গত সোমবার জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলি আকতারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে গেছেন। কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক জয়পুরহাট সিভিল সার্জন পদের দায়িত্ব বুঝে নিতে জয়পুরহাটে এসেছেন। তবে তিনি গতকাল বুধবার বিকেল পর্যন্ত দায়িত্ব বুঝে পাননি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, আবদুর রাজ্জাক কাজীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকাকালে বিভিন্ন কারণে তাঁর বদনাম ছিল। এ কারণে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ওপর নাখোশ ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর অগোচরেই তাঁকে পদোন্নতি দিয়ে জয়পুরহাটে সিভিল সার্জন পদে বদলি করা হয়েছিল। ওই বদলির আদেশটি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তাঁকে আগের পদে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এ ব্যাপারে আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার দাস বলেন, ‘কাজীপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাককে আক্কেলপুরে ও আমাকে কাজীপুরে বদলি করা হয়েছে। আবদুর রাজ্জাক বদলির আদেশ হাতে পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন।’