কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফলাফল শিট ঘষামাজা করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ করেছেন প্রথম ফলাফলে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর বিদ্যানন্দ ইউপি নির্বাচনে তৈয়ব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা ও রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম ভোট গণনা করে প্রার্থীদের কাছে ফলাফলের শিট দেন। শিটে ওই কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী তাইজুল ইসলাম ১৭৫ ভোট ও তিনি ৩১০ ভোট পান। পরে ওই রাতে রাজারহাট উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের ফলাফল জমা দেওয়ার আগে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল শিট ঘষামাজা করে নৌকার প্রার্থীকে ১ ভোট বাড়িয়ে ১৭৬ ভোট লিখে ফলাফল জমা দেন। ফলে দুই প্রার্থী ৫ হাজার ১৬৬ করে ভোট পান।
আলমগীর হোসেন আরও বলেন, এ নিয়ে তিনি হাইকোর্টে একটি রিট করেন, যা এখনো বিচারাধীন। এ ছাড়া তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করায় তাঁর নির্দেশে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব হোসেন তদন্ত করে ফলাফলে অনিয়ম ও প্রিসাইডিং কর্মকর্তার কর্তব্যে অবহেলার সত্যতা স্বীকার করে প্রতিবেদন দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে ২৭ মার্চ পুনরায় ওই কেন্দ্রের ভোট গণনার আয়োজন করেন রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম। তবে অসুস্থতার কারণে তিনি সময়ের আবেদন করলেও সময় না দিয়েই তাঁর অনুপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা পুনরায় ভোট গণনা করেন। পুনরায় ভোট গণনার ফলাফলে আবারও তাঁকে দুই ভোট কমিয়ে ৩০৮ ভোট দেখিয়ে নতুন ফল ঘোষণা করেন। পরে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন প্রথম ফলাফল শিট বহাল রাখার দাবি জানান এবং ফলাফল শিট ঘষামাজার জন্য রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তার বিচারের দাবি করেন।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘প্রথমে ভুলবশত ফলাফল শিটে নৌকা প্রতীকের প্রার্থীর ১ ভোট কম হয়েছিল। পরে সংশোধন করে ১৭৬ ভোট করে দিয়েছি। এ ছাড়া পুনরায় ভোট গণনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল প্রতীকে সিল না দিয়ে টিপ সই দেওয়া দুটি ভোট বাতিল হওয়ায় তাঁর ভোট কমেছে।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যা হয়েছে, নির্বাচনী বিধি মেনে করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন, ভোটের ফলাফল শিট ভিন্ন রকম হওয়ার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন। নির্বাচনী আইনশৃঙ্খলার বিষয়টি তিনি দেখেছেন।