এক পরিবারের চারজনকে সংজ্ঞাহীন করে অর্ধলাখ টাকা লুট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পরিবারের চার সদস্যকে সংজ্ঞাহীন করে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা লুট করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গ্রামের কৃষক ফুল মিয়া, তাঁর স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে আকলিমা বেগম ও কুহিনূর বেগম গত মঙ্গলবার রাত নয়টার দিকে খাবার খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। গতকাল বুধবার ভোরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নোমান মিয়া বলেন, ওই পরিবারের চারজনই বর্তমানে শঙ্কামুক্ত। তবে স্বাভাবিক হতে তাঁদের আরও দু-তিন দিন লাগবে। ভুক্তভোগী ব্যক্তিদের খাবারে সংজ্ঞাহীন করার মতো কিছু মেশানো হয়েছিল বলে চিকিৎসক জানান। হাসপাতালে নাজমা বেগম বলেন, ঘরে রাখা ৫০ হাজার টাকা খোয়া গেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি জানান, খোলা উঠানে রাতের খাবার রান্না করেছিলেন তিনি।