সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৫ ডিসেম্বর এ আদেশ দেন।
রিট আবেদনকারী মনসুর আহমেদের কাছ থেকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়েরও আদেশ হয়েছে বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নজরুল ইসলামের আইনজীবী মো. আবদুল মান্নান ভূঁইয়া।
নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনসুর আহমেদ নজরুল ইসলামকে ঋণখেলাপি হিসেবে অযোগ্য ঘোষণা করে মনোনয়ন বাতিল করার জন্য আবেদন করেন। এরপর মনসুর আহমেদ হাইকোর্টে রিট করেন, যা বৃহস্পতিবার খারিজ হয়। আদালতে মনসুর আহমেদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর হালদার। নজরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুল মান্নান ভূঁইয়া।